‘উইন্ডস অব উইন্টার’ শেষ করেই বাকি কাজ মার্টিনের

‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’-খ্যাত লেখক জর্জ আর আর মার্টিন বুধবার নিজের ব্লগে নতুন ঘোষণা দিলেন। জানালেন, ‘গেমস অব থ্রোনস’-এর প্রিক্যুয়েল ‘হাউস অব দ্য ড্রাগন’ আপাতত লিখছেন না। এর আগে পূর্ব প্রতিশ্রুত ‘দ্য উইন্ডস অব উইন্টার’ শেষ করতে চান।

মার্টিন জানান, ‘হাউস অব দ্য ড্রাগন’-এর জন্য যুক্ত হওয়ার ইচ্ছা তার রয়েছে। যেভাবে তার বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত ‘গেমস অব থ্রোনস’-এর প্রথম চার সিজন লিখেছিলেন।

সঙ্গে যোগ করেন. ‘দ্য উইন্ডস অব উইন্টার’ শেষ না হওয়ার আগে নতুন প্রজেক্টে যোগ দিচ্ছেন না। বর্তমান কাজটি তিনি খুবই উপভোগ করছেন।

প্রায় এক দশক ধরে অতি প্রতীক্ষিত ‘আইস অ্যান্ড ফায়ার’ সিরিজের ষষ্ঠ কিস্তি নিয়ে কাজ করছেন মার্টিন। ভক্তরা প্রায়ই দোষারোপ করেন ‘দ্য উইন্ডস অব উইন্টার’-এর সময় খেয়ে ফেলছে লেখকের অন্যান্য কাজ। মার্টিনের ব্লগ পোস্ট মূলত এই অভিযোগের উত্তর।

‘দ্য উইন্ডস অব উইন্টার’ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন জর্জ আর আর মার্টিন। এই লেখাটি তার কাছে অনেক বড় দায়িত্বেরও। কেন না সারা বিশ্বের লাখ লাখ পাঠক বইটির জন্য অপেক্ষা করছেন। প্রকাশ হলেই আলোচনা-সমালোচনা, প্রশংসা-নিন্দার মুখে পড়তে হবে ৭১ বছর বয়সী লেখককে।

তবে কারো কারো মতে, এমন চাপের মুখে ‘দ্য হাউস অব দ্য ড্রাগন’ খানিকটা স্বস্তি দিতে পারে লেখককে। ‘দ্য উইন্ডস অব উইন্টার’-এর ফাঁকে চাইলে টিভি সিরিজটির জন্য সময় বের করতেই পারেন।

‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ অবলম্বনে এইচবিও নির্মাণ করে ‘গেমস অব থ্রোনস’। মার্টিনের ২০১৮ সালের বই ‘ফায়ার অ্যান্ড ব্ল্যাড’ অবলম্বনে ১০ পর্বের ‘দ্য হাউস অব দ্য ড্রাগন’-এর ঘোষণা দেয় চ্যানেলটি।

‘দ্য উইন্ডস অব উইন্টার’-এর পর আসবে ‘আ ড্রিম অব স্প্রিং’।