রাবেয়া খাতুন ও সাদাত হোসাইন পাচ্ছেন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার

ভিন্ন প্রজন্মের দুই জনপ্রিয় কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ও সাদাত হোসাইন পাচ্ছেন ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৯’। রবিবার জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাকক্ষে এই পুরস্কার ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ নভেম্বর বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে।

রাবেয়া খাতুন ও সাদাত হোসাইন পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে ৫ লাখ ও ১ লাখ টাকা। এ ছাড়া দেওয়া হবে ক্রেস্ট, উত্তরীয় ও সার্টিফিকেট।

বাংলা কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য এবারের পুরস্কার পাচ্ছেন রাবেয়া খাতুন। অন্যদিকে ‘নিঃসঙ্গ নক্ষত্র’ উপন্যাসের জন্য স্বীকৃতি যাচ্ছে সাদাত হোসাইনের হাতে।

পুরস্কারের খবর ফেইসবুকে শেয়ার করেছেন সাদাত হোসাইন। তিনি লেখেন, “এক্সিম ব্যাংক-অন্যদিন ‘হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৯’ নবীন সাহিত্য শ্রেণিতে পেয়েছেন ‘সাদাত হোসাইন’!! হ্যাঁ, আমি, আমিই!!

আমার 'নিঃসঙ্গ নক্ষত্র' উপন্যাসের জন্য। টেলিভিশন স্ক্রলে ভেসে ওঠা সংবাদ দেখছি, আর কেঁপে যাচ্ছি অভূতপূর্ব আনন্দে!! এই মুহূর্তে নিজের অনুভূতি বোঝানোর সাধ্য নেই আমার! ভালোবাসা প্রিয় পাঠক, ভালোবাসা।”

আরও লেখেন, “সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পুরস্কার পেয়েছেন বিশিষ্ট কথা সাহিত্যিক রাবেয়া খাতুন। সম্মানিত বিচারকমণ্ডলী ও এই পুরস্কারের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা।”

রবিবারের সভায় উপস্থিত ছিলেন পুরস্কারের জুরিবোর্ডের সদস্য সাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম, নির্বাহী সম্পাদক আবদুল্লাহ নাসের প্রমুখ।

প্রয়াত হুমায়ূন আহমেদ স্মরণে কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য একজন প্রবীণ ও একজন তরুণ কথাসাহিত্যিককে এই পুরস্কার দেওয়া হয়।

২০১৫ সালে প্রবর্তিত হয় ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’। প্রথম আসরে পুরস্কার পান শওকত আলী ও সাদিয়া মাহ্জাবীন ইমাম। পরের দুই আসরে পুরস্কার পান যথাক্রমে হাসান আজিজুল হক ও স্বকৃত নোমান, জ্যোতিপ্রকাশ দত্ত ও মোজাফ্ফর হোসেন। ২০১৮ সালে পান রিজিয়া রহমান ও ফাতিমা রুমি।