নুমাইর আতিফের বইয়ের মোড়ক উন্মোচন

বাংলাদেশি লেখক ড. নুমাইর আতিফ চৌধুরীর লেখা ‘বাবু বাংলাদেশ’ নামের একটি উপন্যাসের বই সম্প্রতি প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা হারপার কলিন্স। এ উপলক্ষে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ হাবিবুল্লাহ কনফারেন্স হলে বইটির মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেন, ‘বাংলাদেশের একজন সাহিত্যিক যিনি নিজেকে বিশ্ব আঙিনার জন্য প্রস্তুত করে তুলেছিলেন, তিনি অকালেই হারিয়ে গেলেন। এ শুধু বইটির প্রকাশনা অনুষ্ঠান নয় বরং শোকের অনুষ্ঠান। তিনি বেঁচে থাকলে আরও ভালো লেখা আমরা পেতে পারতাম।’

২০১৮ সালের সেপ্টেম্বরে জাপানের কিয়োটা নদীতে ডুবে প্রাণ হারান নুমাইর। এরপরই বইটি প্রকাশ করে হারপার কলিন্স। সম্প্রতি ‘শক্তি ভাট ফার্স্ট বুক প্রাইজ ২০১৯’-এর মনোনয়ন পায় বইটি।

গতকাল বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বইটির প্রকাশনা অনুষ্ঠান। এরপর ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে শিশু শিল্পীরা। আসাদুজ্জামান ছাড়াও আলোচনায় অংশ নেন লেখক ও অনুবাদক অধ্যাপক ড. ফখরুল আলম ও অধ্যাপক রাজিয়া সুলতানা খান। সভাপতিত্ব করেন নুমাইর আতিফ চৌধুরীর মা লুবনা চৌধুরী।

ড. ফখরুল আলম বলেন, ‘ইংরেজি ভাষায় লেখা বইটিতে বাংলাদেশের কথা বলেছেন নুমাইর। কিন্তু লেখকের অকাল প্রয়াণ ভীষণ বেদনার।’ সভাপতির বক্তব্যে লুবনা চৌধুরী বলেন, ‘নুমাইর কবিতা লিখতো। কবিতার প্রতিই আগ্রহ ছিল বেশি।’