সংবাদ সম্মেলনে অভিযোগ

কসবায় মেয়রের প্রশ্রয়ে বিএনপি নেতাদের ‘বাণিজ্য’

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েলের প্রশ্রয়ে বিএনপি নেতারা ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে সরকারি খাস জায়গা ও ব্যক্তি মালিকানার ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি ও বালু উত্তোলন করে বিক্রি এবং প্রতিবাদ করায় হামলা, মামলা, হুমকির অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে ক্ষতিগ্রস্তদের পক্ষে শারমীন আক্তার নামে এক নারী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। লিখিত বক্তেব্যে শারমীন বলেন, মেয়র এমরান উদ্দিন জুয়েলের প্রশ্রয়ে কসবা উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফুল হক স্বপন, পৌর কাউন্সিলর ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক মো. সজীব ও বিনাউটি ছাত্রদলের সভাপতি সুমন চৌধুরী কসবার তিনলাখপীর এলাকায় রাস্তার পাশে সরকারি খাস জায়গা ও ব্যক্তি মালিকানার ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলন করছেন। এতে ৩০ বিঘা ফসলি জমিতে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের।

সংবাদ সম্মেলনে শারমীনের শ্বশুর বাছির মিয়া বলেন, পৌর কাউন্সিলর সজীবের নির্যাতন ও হত্যার হুমকিতে আমরা আতঙ্কে আছি। তবে কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল বলেন, কাউকে হুমকি দেওয়া হয়নি।