ইডেন গার্ডেনে শেখ হাসিনাকে মোদির আমন্ত্রণ

আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বুধবার রাতে চিঠি দিয়ে এই আমন্ত্রণ জানানো হয় বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনেও এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে

আবদুল মোমেন।

মন্ত্রী বলেন, টেস্ট শুরুর দিন সকালে কলকাতায় যাবেন প্রধানমন্ত্রী। ইডেন গার্ডেনে প্রথম দিনের খেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। তবে পূর্ব-ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী মোদি কলকাতায় শেখ হাসিনার সঙ্গে যোগ দেবেন না বলে জানান আব্দুল মোমেন। ওই দিনই সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত এ সফরের মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে।

এর আগে আসন্ন টেস্ট স্মরণীয় করে রাখতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ইডেনের প্রথানুযায়ী ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। টেস্ট দেখতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি তারকা শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়সহ ভারতের জীবিত সব অধিনায়ক এই ম্যাচ দেখতে ইডেন গার্ডেনে উপস্থিত হবেন। এই টেস্ট স্মরণীয় করে রাখতে এরই মধ্যে কোমর বেঁধে মাঠে নেমেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ভিভিআইপি সব অতিথিদের সম্মানে ব্যাপক আয়োজন চলছে। প্রায় ৫০ পদের বাঙালি খাবার দিয়ে রাজকীয় মধ্যাহ্নভোজনের আয়োজন করা হবে বলে সিএবির পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়া শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য আন্তর্জাতিকমানের বিশেষ পোশাক প্রস্তুতকারককে দিয়ে বানানো হচ্ছে শাড়ি। সঙ্গে থাকবে শাল। এছাড়া বাংলার ঐতিহ্য মেনে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বিশ্ববাংলার নানা উপহার। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর মাত্র কয়েক দিনের মধ্যে বাংলাদেশ ও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দিন-রাতের টেস্ট খেলতে রাজি করান সৌরভ। এটি ছিল তার প্রথম চমক। ম্যাচ আয়োজনে তুমুল জাঁকজমক করে দ্বিতীয় চমকটা দিতে চাচ্ছে সিএবি।

জানা গেছে এতসব আয়োজনের পেছনের মুখ্য উদ্দেশ্য টেস্ট ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়া দর্শকদের পাঁচ দিনের ফরম্যাটে মাঠে ফেরানো। ইতিমধ্যে খুশি হওয়ার উপলক্ষ পেয়ে গেছেন সৌরভ। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই টেস্ট দেখতে অনলাইনে ছাড়া সব টিকিটই প্রায় শেষ হয়ে গেছে। এ টেস্টের টস হবে সোনার মুদ্রায়। এজন্য নামি গহনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান কাজ করছে। অতিথিদের স্মরণিকা হিসেবে দেওয়া হবে রুপার মুদ্রা। ৬০টি বিশেষ টাইও তৈরি করা হচ্ছে ভিভিআইপি অতিথিদের জন্য। সব মিলিয়ে ক্রিকেট ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে বাংলাদেশ-ভারতের মধ্যকার ইডেন টেস্ট।