খুলনায় আওয়ামী লীগের কমিটি

৩৩ শতাংশ নারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি

আগামী সম্মেলনের পর জেলা উপজেলাসহ সব নতুন কমিটিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের নেতারা। তারা বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিতের জন্য কাজ করছেন। নারীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করতে নানা পদক্ষেপ নিয়েছেন। রাজনৈতিক দল হিসেবে কেবল আওয়ামী লীগই নারী উন্নয়ন নীতিমালা ও গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাজনৈতিক দলের সব স্তরে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে।

গতকাল রবিবার দুপুরে খুলনার একটি হোটেলে ‘মূল ধারার রাজনীতিতে নারীর অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ বৈঠকের আয়োজন করে। এতে আওয়ামী লীগের জেলা শাখা, ডুমুরিয়া, রূপসা ও দাকোপ উপজেলার নারী নেত্রীরা অংশ নেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিভাগীয় সমন্বয়কারী আসমা আখতারের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পদক নিমাই চন্দ্র রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের হোসেন জবা, মহিলা আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক হোসনে আরা চম্পা, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, শোভা রানী হালদার প্রমুখ।