তাওহীদ রহমান এর দুটি কবিতা

আত্মকথন

থাক না সব গল্প  

কিছু সময় চুপচাপ কাটিয়ে দিই।

আজ শেক্সপিয়ার থেকে রবার্ট ফ্রস্ট-

কারও কথাই আলোচনা হবে না।

এমন কি রাষ্ট্র বা বিপ্লব নিয়েও নয়;

পিঁপড়ের গড়াগড়ি, দলবেঁধে হেঁটে যাওয়া

নরম সবুজ ঘাস

পাশাপাশি সন্ধ্যে  

পাখির নীড়ে ফেরা

রেইনট্রির ঘুমিয়ে যাওয়া

নিঃশব্দে অন্ধকার নেমে আসা

এসবের সাথে নিজেদের কথা শুনি!

 

অন্তত কেউ

কেউ একজন অন্তত জানুক- নিঃশব্দেরও প্রাণ আছে।

না বলা কে উল্টে পাল্টে দেখুক।

 অশ্রুর টলমল জলে গড়িয়ে পরা স্বপ্নকে কেউ একজন যত্ন করে তুলে রাখুক।

বুকের ভেতরের তীব্র মিছিল বেরোনোর আগেই কেউ একজন বুকে হাত রাখুক

শান্ত জলের মতো শান্ত করুক

ধূসর গোধূলিতে কেউ একজন পাশে থাকুক

অন্তত বুঝতে পারুক আমার হৃদয়কে অবহেলা করেছিল রক্ত।

কেউ একজন জানুক হৃদয়ের চিৎকার মিছিল বেরোনোর কথা।