স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগে অনিয়ম পেয়েছে দুদক

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ফার্মাসিস্ট নিয়োগে ব্যাপক অনিয়ম খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত একটি টিম গতকাল বৃহস্পতিবার এই অভিযান চালায়। দুদকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে দুদক টিম জানতে পারে স্বাস্থ্য অধিদপ্তরের ফার্মাসিস্ট পদের জন্য গত ২৬ অক্টোবর লিখিত পরীক্ষায় মোট ৭১৮ জন অংশ নেন। তাদের মধ্যে ৩৮৬ জনের মৌখিক পরীক্ষা গত ৭ নভেম্বর নেওয়া হয়। টিম দৈবচয়ন পদ্ধতিতে লিখিত পরীক্ষার বেশ কয়েকটি উত্তরপত্র নিরীক্ষা করে তিনটি উত্তরপত্রে হুবহু একই উত্তর দেওয়ার তথ্য উদঘাটন করে। এছাড়া বেশ কিছু উত্তরপত্রে হাতের লেখায় ব্যাপক বিস্তর পার্থক্য দেখা যায়। সার্বিক বিবেচনায় উক্ত নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম হয়েছে মর্মে দুদক টিমের কাছে প্রতীয়মান হয়। টিম পরবর্তী কার্যক্রমের প্রয়োজনে লিখিত পরীক্ষার সব উত্তরপত্র জব্দ করে। এ অনিয়মের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে দুদক টিম।