১৫ দফা দাবিতে ধর্মঘটে যাচ্ছে পেট্রোল পাম্প ও ট্যাংলরি মালিক-শ্রমিকেরা

১৫ দফা দাবিতে আগামী ১ ডিসেম্বর থেকে জ্বালানী তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।  

জ্বালানী তেল বিক্রয়ের প্রচলিত কমিশন শতকরা সাড়ে ৭ ভাগ, জ্বালানী তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট নাকি  উৎপাদনকারী প্রতিষ্ঠান তা সুনির্দিষ্ট করা, প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ট্যাংকলরি শ্রমিকদের ৫ লাখ টাকা দুর্ঘটনা বিমা প্রথা প্রণয়ন করা, ট্যাংকলরির ভাড়া বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়।

আগামী ১ ডিসেম্বর ভোর ৬টা থেকে খুলনাসহ রাজশাহী ও রংপুর বিভাগে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে ঐক্য পরিষদ নেতারা।

মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান রতন এই ঘোষণা দেন।

এই সময় উপস্থিত ছিলেন পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এমএ মোমিন দুলাল, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত দিনে সরকারের দেওয়া প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি। এ কারণে ১৫ দফা দাবি জানানো হয়। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকার যথাযথভাবে এসব দাবি পূরণে ব্যর্থ হলে অ্যাসোসিয়েশনের সদস্যরা আগামী ১ ডিসেম্বর ভোর ৬টা থেকে অনির্দিষ্ট কালের জন্য ডিপোসমূহ থেকে সকল প্রকার জ্বালানী তেল উত্তোলন, পরিবহন ও বিপণন হতে বিরত থাকবে।