মোবাইল ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালি থেকে তিন মোবাইল ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে মুসলিম হাইস্কুলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার তিনজন হলো মেহেরাজ রহমান (১৯), মো. রানা (১৯) ও মিরাজ হোসেন (১৯)। তাদের বিরুদ্ধে পথরোধ করে লোকজনকে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছিল বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, জেল রোড এলাকার দোকান কর্মচারী নাছির ও তার বন্ধু আরমান কাজ শেষে পটিয়ায় বাড়িতে যাওয়ার পথে মুসলিম হাইস্কুলের সামনে এলে তাদের পথরোধ করে ওই তিনজন। এরপর তাদের মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পথচারীরা এগিয়ে আসে। ওই সময় পথচারীদের সহযোগিতায় টহল পুলিশের দল তাদের গ্রেপ্তার করে।