৪০ বছর পর নাগরিকত্ব ফিরে পেলেন নির্বাসিত মিলান কুন্ডেরা

ফ্রান্সে নির্বাসিত লেখক মিলান কুন্ডেরাকে চল্লিশ বছর পর নাগরিকত্ব ফিরিয়ে দিল চেক রিপাবলিক।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়,  ৪০ বছরেরও বেশি সময় ধরে ফ্রান্সে নির্বাসিত জীবন যাপন করছেন চেক রিপাবলিকে জন্মগ্রহণকারী এই লেখক।

১৯৭৫ সালে তৎকালীন ক্ষমতাসীন চেকোস্লোভাকিয়ান পার্টির রোষানলে পড়ে তিনি ফ্রান্সে পালিয়ে গিয়েছিলেন। তার আগে কমিউনিস্ট বিরোধী অবস্থানের কারণে ১৯৫০ সালে তাকে দলটি থেকে বহিষ্কার করা হয়।

১৯৭৯ সালে কুন্ডেরার নাগরিকত্ব বাতিল করা হয়। তবে দুই বছর পর ফরাসি সরকার তাকে নাগরিকত্ব প্রদান করে। তখন থেকে দেশটিতে বসবাস করে আসছিলেন প্রখ্যাত এই ঔপন্যাসিক।

ফ্রান্সে নিযুক্ত চেক রিপাবলিকের রাষ্ট্রদূত পেটর ড্রুলুক জানান, তিনি গত বৃহস্পতিবারে প্যারিসে মিলান কুন্ডেরার বাসভবনে গিয়ে তার হাতে নাগরিকত্ব সনদপত্র তুলে দেন।

তিনি বলেন, তিনি বেশ খোশমেজাজে ছিলেন। আমি তাকে সনদপত্রটি দিলাম, তিনি সেটি নিয়ে আমাকে ধন্যবাদ জানালেন।

১৯২৯ সালের ১ এপ্রিল তৎকালীন চেকস্লাভাকিয়ার ব্রানোতে কুন্ডেরার জন্ম। প্রধানত তিনি চেক ভাষায় লেখেন। তবে তার কিছু বই ফরাসিতেও লেখা। কুন্ডেরার রচনা প্রায় চল্লিশের অধিক ভাষায় অনূদিত হয়েছে। প্রায় প্রতি বছরই সাহিত্যে নোবেল প্রাইজের শর্টলিস্টে তার নাম থাকে।