বিমানের সেবার মান বাড়ানোর নির্দেশ মন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ইন-ফ্লাইট (ফ্লাইটের ভেতর) সেবার মান বৃদ্ধির নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। গতকাল শনিবার বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টার ও এপ্রোন পার্ক করা বিভিন্ন উড়োজাহাজ আকস্মিক পরিদর্শন শেষে এ নির্দেশনা দেন তিনি।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন, মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনেন্দ্র নাথ সরকার ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান তার সঙ্গে ছিলেন।

জানা যায়, পরিদর্শনকালে মন্ত্রী বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের কুকিং সেকশন, ওয়াশিং ইউনিট, বেকারি শাখাসহ বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি কর্মরত কর্মীদের খাবারের মান নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের পরিবেশন করা খাবারের বিশুদ্ধতা নিশ্চিত করার তাগাদা দেন। তিনি বলেন, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমানের ভাবমূর্তির সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। এমন কিছু করা যাবে না যাতে  দেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়। বিমানে ভ্রমণ করা দেশি-বিদেশি প্রত্যেক যাত্রী আমাদের সম্মানিত অতিথি।