চলচ্চিত্রকথা: দুই মলাটে তারেক মাসুদের বক্তৃতা ও সাক্ষাৎকার

তারেক মাসুদের জন্মদিন উপলক্ষে শুক্রবার প্রকাশ হয়েছে ‘চলচ্চিত্রকথা’। বইটিতে স্থান পেয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রয়াত এই নির্মাতার বক্তৃতা ও সাক্ষাৎকার।

সংকলন ও সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ, প্রসূন রহমান ও বেলায়াত হোসেন মামুন। বইটি বাজারে এনেছে কথা প্রকাশ। প্রচ্ছদ করেছেন শিল্পী ঢালী আল মামুন, দাম সাড়ে ৩০০ টাকা।

বইটি প্রথম ফ্ল্যাপে বলা হয়েছে, “তারেক মাসুদের কথা তারেক মাসুদেরই চিন্তাসমগ্র। তাঁর কথার ভেতর দিয়ে হাজির হয়েছে বিশ্ব ও বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।”

‘চলচ্চিত্রকথা’য় ৭টি সাক্ষাৎকার স্থান পেয়েছে। সাক্ষাৎকার নিয়েছে মনিস রফিক, সরওয়ার জাহান খান, ফাহমিদুল হক, নারমিন শেখ, জুনায়েদ হালিম, প্রসূন রহমান ও মাহবুব মোর্শেদ। সঙ্গে রয়েছে তারেক মাসুদের একটি বক্তৃতা ও দুটি আত্মকথন।

বইটির ভূমিকা লিখেছেন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন ক্যাথরিন মাসুদ। তিনি জানান, ২০১২ সালে ট্রাস্ট গঠনের পর ‘মাটির ময়না’ পরিচালকের চলচ্চিত্রচিন্তাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তার লেখনী সিরিজ আকারে প্রকাশ করার পরিকল্পনা নেওয়া হয়।

এর অংশ হিসেবে প্রকাশ হয়- তারেক মাসুদের চলচ্চিত্রবিষয়ক রচনার সংকলন ‘চলচ্চিত্রযাত্রা’ ও তার সকল চিত্রনাট্য ও গানের সংকলন ‘চলচ্চিত্রলেখা’। এর সঙ্গে যুক্ত হলো ‘চলচ্চিত্রকথা’। পরবর্তী সময়ের নতুন বইটির আরও দুটি খণ্ড প্রকাশের পরিকল্পনা রয়েছে বলেও জানান।