বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় অনিতা বাগদী (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীও আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসাপতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের রসুলপুর গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ আহতদের নামপরিচয় জানাতে পারেনি।

অনিতা বাগদী বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের রসুলপুর গ্রামের রনজিত ঘোষের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাহাতাব উদ্দীন বলেন, সোমবার রাত ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের রসুলপুর গ্রামের বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল অনিতা নামে এক আদিবাসী নারীকে ধাক্কায় দেয়। এতে অনিতা ও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অনিতাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।