মুজিববর্ষের অনুষ্ঠান

শিল্পকলায় ছয় শতাধিক শিল্পীর নিবন্ধন চূড়ান্ত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রায় ছয় শতাধিক শিল্পীকে চূড়ান্ত করেছে। এই শিল্পীদের পরামর্শক হিসেবে রয়েছেন সাবিনা ইয়াসমিন। গত ০২ ডিসেম্বর থেকে শিল্পীদের নিয়ে সাত দিনব্যাপী গণসংগীতের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সেখানে প্রশিক্ষণ দেন শিল্পী সিরাজুস সালেকিন। এরপর ১০ ডিসেম্বর প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়েই নিবন্ধিত শিল্পীরা বছরব্যাপী কর্মসূচি শুরু করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী  কে এম খালিদ। এছাড়াও উপস্থিত থাকবেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত পরিচালক চন্দন দত্ত। সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

আলোচনা অনুষ্ঠানের পর সাংস্কৃতিকপর্বে শিল্পী সাবিনা ইয়াসমিনের পরিচালনায় শিল্পীরা পরিবেশন করবে ‘আকাশ ভরা সূর্য তারা’, ‘সৃজন ছন্দে’, ‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘এ মাটি নয় জঙ্গিবাদের’ এবং ‘ও যার আপন খবর আপনার হয় না’সহ পাঁচটি সমবেত সংগীত।