রাজধানীর ছায়ানট মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী শুদ্ধসংগীত উৎসব। এদিন বিকেল সাড়ে ৫টায় উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহের প্রখ্যাত তবলাশিল্পী পবিত্র মোহন দে। স্বাগত বক্তব্য দেন ছায়ানটের সহসভাপতি খায়রুল আনাম শাকিল। উদ্বোধনী পর্বের পর রেজোয়ান আলীর পরিচালনায় ‘অষ্টপ্রহরের রাগ’ পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। হারমোনিয়ামে অংশ নেন ইতি ফরাজী এবং তবলায় সংগত করেন ইফ্তেখার আলম ডলার ও শুকদেব রায়। তানপুরায় ছিলেন মুনজেরিন আলম মোনালিসা। প্রথম দিনের অধিবেশনে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন শিল্পী সতীন্দ্রনাথ হালদার, অনিল কুমার সাহা এবং চট্টগ্রামের স্বর্ণময় চক্রবর্তী। এ ছাড়া বাঁশি বাজিয়ে শোনান শিল্পী মুর্তুজা কবীর মুরাদ ও কামরুল আহমেদ। রাত সাড়ে ১০টায় শেষ হয় শিল্পীদের পরিবেশনা।
উৎসবের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হবে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এদিনের অধিবেশনে কণ্ঠসংগীতে অংশ নেবেন শিল্পী খায়রুল আনাম শাকিল, রেজোয়ান আলী, অসিত দে, শেখর ম-ল, বিজন চন্দ্র মিস্ত্রি, পরাগ প্রাইম চক্রবর্তী, শ্রাবন্তী ধর, সুপ্তিকা ম-ল ও মিনহাজুল হাসান ইমন। দ্বৈতসংগীতে অংশ নেবেন শিল্পী অভিজিৎ কুণ্ডু ও টিংকু পাল। বেহালা বাজিয়ে শোনাবেন মো. আলাউদ্দিন মিয়া এবং সেতার বাজাবেন এবাদুল হক। সরোদে অংশ নেবেন শিল্পী রাজরূপা চৌধুরী। তবলায় অংশ নেবেন শিল্পী অনন্য রোজারিও। এ ছাড়া বৃন্দ তবলা বাদন ও বৃন্দ কণ্ঠসংগীতে অংশ নেবেন ছায়ানটের শিক্ষার্থীরা। শিল্পীদের সঙ্গে যন্ত্রসংগীতে সংগত করবেন জগন্নাথ রায়, রতন কুমার দাস, মৃত্যুঞ্জয় মজুমদার, বাদল চৌধুরী, গৌতম সরকার, ইফতেখার আলম ডলার, স্বরূপ হোসেন, প্রশান্ত ভৌমিক, টিংকু শীল, সবুজ আহমেদ ও শৌণক দেবনাথ ঋক। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।