২০২০ সালের একুশে বইমেলায় প্রকাশ হচ্ছে নওশাদ জামিলের কবিতার বই ‘প্রার্থনার মতো একা’। বইটির প্রকাশক অন্যপ্রকাশ, প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। খবরটি নিশ্চিত করেছেন কবি নিজেই।
নওশাদ জামিলের জন্ম ময়মনসিংহের ভালুকায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন তিনি। বর্তমানে সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন।
তার প্রথম কাব্যগ্রন্থ ‘তীর্থতল’ প্রকাশিত হয় ২০১১ সালে। বইটির প্রকাশক ঐতিহ্য। একই প্রকাশনী থেকে ২০১৪ সালে বের হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কফিনে কাঠগোলাপ’। ২০১৬ সালের গ্রন্থমেলায় তৃতীয় কাব্যগ্রন্থ ‘ঢেউয়ের ভেতর দাবানল’ প্রকাশ করে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ। ২০১৭ সালের গ্রন্থমেলায় ভ্রমণগ্রন্থ ‘লঙ্কাপুরীর দিনরাত্রি’ প্রকাশ করে পাঞ্জেরী পাবলিকেশন্স। এ ছাড়াও সম্পাদনা করেছেন ‘কহন কথা: সেলিম আল দীনের নির্বাচিত সাক্ষাৎকার’ (যৌথ) ও ‘রুদ্র তোমার দারুণ দীপ্তি’ (যৌথ) শিরোনামের দুটি বই ও পত্রিকা।
নওশাদ জামিল কবিতার জন্য পেয়েছেন কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার, বিশাল বাংলা সাহিত্য পুরস্কার এবং ভারতের পশ্চিম বঙ্গ থেকে পান আদম সম্মাননা পুরস্কার। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পান ইউনেসকো-বাংলাদেশ জার্নালিজম অ্যাওয়ার্ড ও মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্মৃতি পুরস্কার।