লুৎফর হাসানের প্রথম কিশোর উপন্যাস ‘ডাকবাংলো রোড’

লুৎফর হাসানের একাধিক পরিচয়। তিনি একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও লেখক। এক সময় টেলিভিশনে প্রযোজনাও করেছেন।

সামনের একুশে বইমেলায় আসছে তার প্রথম কিশোর উপন্যাস ‘ডাকবাংলো রোড’। এক ফেইসবুক পোস্টে লুৎফর জানান, উপন্যাসটি প্রকাশ করছে নওরোজ কিতাবিস্তান। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

নিজের লেখালেখি প্রসঙ্গে আরেক ফেইসবুক পোস্টে তিনি লেখেন, “লেখা, সুর ও গাওয়া মিলিয়ে আমার গানের সংখ্যা ৬৫৩। গল্প, উপন্যাস, ছড়া, কবিতা মিলিয়ে বইয়ের সংখ্যা ২৭। আলসেমির দিকে বুড়ো আঙুল দেখিয়ে আমি শত যন্ত্রণা ও টানাপোড়েনের মধ্যেও অবিরাম কাজ করে যাচ্ছি। খুব সুস্থ থাকতে ইচ্ছে করে, আর আরেকটু ভালো থাকতে ইচ্ছে করে। এসব করতে গিয়ে আমার টাকা-পয়সা হলো না। আমার জন্য একটু বেশি করে দোয়া কইরেন তো। আরেকটু বেশি ভালোবাইসেন।”

লুৎফর হাসানের অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে ঠিকানা রাত্রিপুর, বগি নাম্বার-জ, মানিব্যাগ, চার উপন্যাস, নীল মলাটের গল্প, সুতো ছাড়া সংসার, আগুনভরা কলস, ভালোবাসার উনুনঘর, দুপুর পাখি, অন্ধ চোখে তুমি বকুল-বাতাস, আব্বা আমার দূরত্বকেও ভালোবেসেছিলেন, লাল কাতানের দুঃখ ও জারুল বনে রক্তজবা। লুৎফর হাসানের বইগুলো অনলাইন বুকশপে অর্ডার করেও কেনা যাচ্ছে।

সোমেশ্বর অলির লেখা 'ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো' শিরোনামের গান গেয়ে প্রথম অ্যালবাম ‘ঘুড়ি’তে ভীষণ জনপ্রিয়তা পান লুৎফর হাসান। এরপর অনেকগুলো জনপ্রিয় অ্যালবাম, গান প্রকাশ করেন। তার কথা ও সুরে গেয়েছেন অন্যরাও।