চুরি গেল বিনয় মজুমদারের সাহিত্য আকাদেমি পুরস্কার

কবি বিনয় মজুমদারের সাহিত্য আকাদেমি পুরস্কার চুরি গেছে। সোমবার সন্ধ্যায় সাহিত্যিকের লাইব্রেরি থেকেই খোয়া যায় এই সম্মাননা।

কলকাতার সংবাদ প্রতিদিন জানায়, ঠাকুরনগরের লাইব্রেরির দরজা খুলতেই এক কর্মকর্তার চোখে পড়ে আলমারির ভাঙা তালা। তা দেখেই বিনয় মজুমদারের পরিজনেরা সাহিত্য আকাদেমি পুরস্কার চুরির বিষয়টি জানতে পারেন।

বিনয় মজুমদারের ঠাকুরনগরের বাসভবনের পাশেই এই গ্রন্থাগার। সেখানেই ছিল পুরস্কারটি। সোমবার সন্ধ্যায় ঠাকুরনগরে তার লাইব্রেরি খুলতে গিয়ে দেখা যায় ঘরের ছিটকিনি খোলা। আলমারির তালাও ভাঙা অবস্থায় রয়েছে৷

গ্রন্থাগারের সম্পাদক বৈদ্যনাথ দলপতি জানান, আলমারিতে থাকা যাবতীয় জিনিস যথাস্থানে থাকলেও নেই শুধু মূল্যবান পুরস্কারটি।

সাহিত্য আকাদেমি পুরস্কারের সঙ্গে পাওয়া মানপত্রটিও ছাড়েনি চোর। তবে অবাক করার মতো ঘটনা- লাইব্রেরি থেকে ওই পুরস্কার ও মানপত্র ছাড়া কিছুই চুরি যায়নি।

ইতিমধ্যেই পুলিশ বিনয় মজুমদারের গ্রন্থাগারে এসে সম্পাদক বৈদ্যনাথ দলপতি ও লাইব্রেরিয়ান জগদীশের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে।

কবিতা সংকলন ‘হাসপাতালে লেখা কবিতাগুচ্ছের’ জন্য বিনয় মজুমদার ২০০৫ সালে ভারতীয় সাহিত্য জগতের অন্যতম স্বীকৃতি সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হন। ২০০৬ সালের ১১ ডিসেম্বর কবির মৃত্যুর পর থেকে পুরস্কারটি রাখা ছিল বিনয় মজুমদার স্মৃতি রক্ষা কমিটির গ্রন্থাগারের আলমারিতে।