নাটোরের রাসেল পা দিয়ে লিখে ৩.৩৯ পেয়ে জেডিসি পাশ করেছে । তার দুই হাত নেই এবং ডান পা নেই। বাম পা রয়েছে, তবে স্বাভাবিকের চেয়ে অনেক ছোট।
পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে ২০১৯ সালের জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল রাসেল। রাসেল মৃধা সিংড়া পৌর এলাকার শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে এবং শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র। সে বিগত পিএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ দেখে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো মুগ্ধ হন । সে সময় নগদ অর্থ ও একটি হুইল চেয়ার প্রদানসহ তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছিলেন তিনি। দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় রাসেলের জন্য একটি গৃহ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক মো. শাহরিয়াজ তার লেখাপড়ার জন্য ২৫ হাজার টাকা বরাদ্দ করেছেন।