ভোটার তালিকার খসড়া প্রকাশ ২০ জানুয়ারি

ভোটার তালিকা হালনাগাদ ২০১৯-এর খসড়া ২০ জানুয়ারি প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার মাঠপর্যায়ে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, আসছে ২০ জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ উপলক্ষে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, ভোটার তালিকার খসড়া সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিস/জেলা নির্বাচন অফিস, সংশ্লিষ্ট থানা/উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ওয়ার্ড অফিস/ক্যান্টনমেন্ট বোর্ড অথবা জনগুরুত্বপূর্ণ দর্শনীয় যেকোনো স্থান এবং সংশোধনকারী কর্র্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) কার্যালয়ে উন্মুক্ত রাখতে হবে।

হালনাগাদের পর প্রতি বছর ২ জানুয়ারি খসড়া ও ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছিল এত দিন।

তবে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, আইন সংশোধন করে জাতীয় ভোটার দিবস ১ মার্চ ভোটার তালিকা প্রকাশ করব।

গত বছর সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছিল ২৩ এপ্রিল। ১৫-১৮ বছর বয়সী (২০০১-২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম) নাগরিকের ছবি, চোখের আইরিশ ও ১০ আঙুলের ছাপসহ নিবন্ধনকাজ শেষ হয় নভেম্বরে। এবার ৯৫ লাখেরও বেশি নাগরিকের নিবন্ধন করা হয়েছে। ২০২০ থেকে ২০২২ সালে পর্যায়ক্রমে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। একাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখের মতো।