নির্বাচিত হলে তিন মাসে মৌলিক সেবা নিশ্চিত করব : তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র নির্বাচিত হলে তিন মাসের মধ্যে নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোট হবে। এবার দুই সিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

ডিএসসিসির উন্নয়ন পরিকল্পনা ও জনসেবা নিশ্চিত করার বিষয়ে ব্যারিস্টার তাপস বলেন, ‘আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে ইনশা আল্লাহ প্রথম ৯০ দিনে মৌলিক সেবাগুলো নিশ্চিত করব।’ তিনি আরও বলেন, ‘যদিও এই সিটি করপোরেশন নির্বাচনে আমি নতুন। কিন্তু ঢাকা-১০ আসনে আমি দীর্ঘদিন সাংসদ হিসেবে কাজ করেছি। সেখানে অনেক প্রতিকূলতার মাঝে উন্নয়নকাজ করেছি। ঢাকাবাসীর উন্নয়ন ও উন্নত রাজধানী উপহার দেওয়ার জন্য আমি কাজ করব।’

নৌকা মার্কার এ মেয়র প্রার্থী বলেন, ‘আমাদের তরুণ সমাজ পর্যাপ্ত খেলাধুলা থেকে বঞ্চিত। ঢাকা দক্ষিণের সবগুলো ওয়ার্ডে পর্যাপ্ত খেলাধুলার সুবিধা নেই। এটা আমাদের করতে হবে। সেখানে প্রতিটি ওয়ার্ডে যেন খেলাধুলার মাঠ এবং পরিবেশ থাকে সেটি লক্ষ রাখব। এটা একটা দীর্ঘ মেয়াদি কার্যক্রম। আমরা ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনা করব।’

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অ্যাডভোকেট বাসেত মজুমদার : ৮২তম জন্মদিনে বিচারক, আইনজীবী ও রাজনীতিবিদদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। নতুন বছরের প্রথম দিনে প্রবীণ এই আইনজীবীর জন্মদিনে গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুপ্রিম কোর্ট বার সভাপতি এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জল হোসেন, সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ওবায়দুল হাসান, সাবেক স্পিকার ও বিএনপি নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নাল হাজারী। বক্তারা অ্যাডভোকেট বাসেত মজুমদারের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণা করে তার দীর্ঘায়ু কামনা করেন।