হবিগঞ্জে খুনির জবানবন্দি

আকলিমা হত্যাকান্ডের রহস্য উদঘাটন

আকলিমা (২৫) হত্যাকান্ডের মাত্র ৬ দিনের মাথায় তথ্যপ্রযুক্তির সহায়তায় খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে হবিগঞ্জ থানার পুলিশ। গত বুধবার রাতে ঘাতক আনোয়ার হোসেন ওরফে সোবহান (২৭) আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের আবদুল আহাদের ছেলে।

গত ২৫ ডিসেম্বর রাত অনুমান ৮টায় হবিগঞ্জ সদর থানার রাজিউড়া দক্ষিণ গ্রামের হাওর থেকে ২৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের কিছু দূরে ভ্যানিটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় একটি জাতীয় পরিচয়পত্র। এতে  আকলিমার পরিচয় পাওয়া যায়। পরে পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয়।

হবিগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, এরপর আকলিমার ভাই আমির হোসেন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হবিগঞ্জ থানায় একটি হত্যা মামলা করলে ঘটনাস্থলের পাশে পাওয়া এনা পরিবহনের বাসের টিকিটের একটি অংশের সূত্র ধরে পুলিশ কাঠমিস্ত্রি আনোয়ার হোসেন ওরফে সোবহানকে গ্রেপ্তার করে।