“বিষাদের মা কান্তারা’ এমন কিছু যা অনেক দিন ধরে লিখতে চাচ্ছিলাম। এমন একটা ফিকশন যেটা আমি অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম।”
নিজের নতুন বই ‘বিষাদের মা কান্তারা’ নিয়ে বলছিলেন হাসনাত শোয়েব। বইটি প্রকাশ করছে বুকিশ। প্রচ্ছদ করেছেন আবীর সোম।
সোশ্যাল মিডিয়া পোস্টে শোয়েব লেখেন, “আমি নিজে এটাকে উপন্যাস বলে দাবি করছি, যদিও আমি নিশ্চিত যে অনেকেই সে দাবি মানবে না। এই সময়ে এসে আমি ফর্মটাকে মোটেই গুরুত্বপূর্ণ কিছু মনে করি না। আমি যা বললাম তা কোনভাবে পাঠককে আলোড়িত করতে পারছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ বলে মনে করি। সে বিবেচনায় আমার উপন্যাস দাবি করা কিংবা না করাতে কিছুই যায় আসে না। শেষ বিচারে টেক্সটটা পৌঁছাতে পারছে কিনা সেটাই বিবেচ্য। যদি পারে তো হলো, নয়তো নাই। এটুকুই।”
তিনি আরও জানান, শিগগিরই বাজারে আসবে ‘বিষাদের মা কান্তারা’। বর্তমানে অগ্রিম অর্ডার দেওয়া যাচ্ছে।
“এই বই নিয়ে যাদের বেশি আগ্রহ তারা অগ্রিম আমাকে ইনবক্স করে কিংবা বুকিশের পেজে অর্ডার দিতে পারেন। বিকাশে নির্দিষ্ট মূল্য পরিশোধ করলে পরে বই প্রকাশ হওয়ার পর আপনার কাছে পাঠিয়ে দেয়া হবে (ইনবক্সে নক করলে বিস্তারিত জানানো হবে)। অথবা যারা আগে নেড়েচেড়ে দেখে পরে পছন্দ হলে নিতে চান তারা বইমেলা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এছাড়া বাতিঘরসহ বইয়ের দোকানগুলো তো আছে”, বলেন লেখক।
নানা-নানীকে বইটি উৎসর্গ করেছেন হাসনাত শোয়েব। এ প্রসঙ্গে বলেন, “এই বইটা আমি উৎসর্গ করেছি, আমার নানা-নানীকে। আমার মনে হয় তাদেরকে হারানোর যে বিষাদ সেটা কোনো না কোনোভাবে এই বইয়ের ভেতর লুকিয়ে আছে। এছাড়া বাড়তি উৎসর্গ ‘অ্যানফিল্ডের ঘাস’কে।”
হাসনাত শোয়েবের আগের বইয়ের মধ্যে রয়েছে ব্রায়ান অ্যাডাম্স ও মারমেইড বিষ্যুদবার, শেফালি কি জানে, দ্য রেইনি সিজন এবং সূর্যাস্তগামী মাছ।
ছবি: রুহুল মাহফুজ জয়।