বিলবোর্ডে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী!

এবার ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বরিশাল নগরীতে কোনো অনুষ্ঠানের আয়োজন করেনি সংগঠনটির জেলা ও মহানগর শাখা। তবে নগরীর বিভিন্ন স্থানে ৪ জানুয়ারির প্রতিষ্ঠাবার্ষিকী ‘সফল করার আহ্বান’ সংকলিত ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনটির একাধিক নেতার টানানো বিশাল বিলবোর্ড দেখা গেছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো আয়োজন না থাকায় ছাত্রলীগের সাবেক ও বর্তমান অনেক নেতা দেশ রূপান্তরের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে একাধিকবার ফোন করলেও তারা ধরেননি। 

সরেজমিন দেখা গেছে, ‘৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান’ জানিয়ে নগরীর অশ্বিনী কুমার হল ঢেকে বিলবোর্ড টানিয়েছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাত সেরনিয়াবাত। এছাড়া নগরীর বিবির পুকুর পাড়ে বিশাল বিলবোর্ড ঝুলিয়েছেন জেলা ছাত্রলীগের আরেক সহসভাপতি আতিকুল্লাহ মনীম ও সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খান।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো আয়োজন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছাত্রলীগের সাবেক একাধিক নেতাসহ অনেকেই। তবে তাদের কেউই নাম প্রকাশ করতে রাজি হননি। তারা দেশ রূপান্তরকে বলেন, ’৬৬-এর ৬ দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, আমাদের মুক্তিযুদ্ধ, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা প্রশংসার দাবি রাখে। বরিশালে ঐতিহ্যের এই ছাত্রসংগঠনের অবস্থা ও অবস্থান সব সময় দৃঢ় ছিল ও আছে। বিরোধী দলে থাকাকালীনও জাঁকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্রলীগ বরিশাল জেলা ও মহানগর। অথচ এ বছর নীরবে কেটে গেল ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

তারা আরও বলেন, বিরোধী দলে থাকাকালীনও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি হয়েছে, শোভাযাত্রা হয়েছে। দল ক্ষমতায় আশার পর প্রতিবছরই জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ বছর নগরীতে কয়েকটি বিলবোর্ড ছাড়া কোনো আয়োজনই ছিল না। ছাত্রলীগের সুনাম ও ঐতিহ্য টিকিয়ে রাখতে নতুন নেতৃত্ব কেন দায়িত্ব পালন করেনি সেটা বোধগম্য হচ্ছে না।এ বিষয়ে জানতে গত রবিবার রাত ও গতকাল সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েতউদ্দিন আহম্মেদ সুমন সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের মোবাইল ফোনে কল করলেও তারা ধরেননি। এছাড়া একাধিকবার কলে দিয়েও সহসভাপতি আতিকুল্লাহ মুনীমের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।