ড. কামালকে তথ্যমন্ত্রী

জামিন দেওয়া সংবিধানের কাজ নয়

‘খালেদা জিয়াকে জামিন না দেওয়া সংবিধানের লঙ্ঘন’, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামালের এমন বক্তব্যের সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘জামিন দেওয়া সংবিধান বা সরকারের বিষয় নয়, আদালতের। ড. কামাল কি আদালতের বিরুদ্ধে বলছেন!’

গতকাল মঙ্গলবার সচিবালয়ের সম্মেলন কক্ষে সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ সব কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকদের কাছে পাওয়া খবর অনুযায়ী বেগম জিয়ার শারীরিক অবস্থা বিএনপি নেতারা যেমন বলছেন, তেমনটি নয়।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম বছরকে ধারাবাহিক সাফল্যের আরও এক বছর বলে অভিহিত করেন তথ্যমন্ত্রী। নেতিবাচক রাজনীতি না থাকলে অগ্রগতি আরও বেশি হতো দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ নেতিবাচক রাজনীতি ও সংঘর্ষের রাজনীতি পরিহারের পক্ষে। কিন্তু একপক্ষ হাত প্রসারিত করলে তা সম্ভব নয়, বিরোধীপক্ষকেও এগিয়ে আসতে হবে।

সরকারের সফলতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ সমস্ত অর্থনৈতিক ও সামাজিক সূচকে পাকিস্তানকে এবং কোনো কোনো ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বের সাফল্য পাকিস্তানে টেলিভিশনে আলোচনা হয়। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও অকপটে স্বীকার করেছেন যে, বাংলাদেশ আজ সমস্ত সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে।