এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে মোস্তফা হামেদীর নতুন কাব্যগ্রন্থ ‘শেমিজের ফুলগুলি’।
বইটি বের করছে প্রিন্ট পোয়েট্রি। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মেলায় বইটি পাওয়া যাবে ‘জনান্তিক’ স্টলে।
কাব্যগ্রন্থটি প্রসঙ্গে মোস্তফা হামেদী দেশ রূপান্তরকে বলেন, ‘শেমিজের ফুলগুলি’ আমার এক টুকরা হরিৎ হৃদয়, যাকে কুড়িয়ে পেয়েছি এই ভূ-বাংলার পথেঘাটে, ঘরের আড়া ঠেলে রোদ জবজবে উঠানে, অনতিদূর গ্রাম্য জঙ্গলে, ঘাটকূলে। চারিদিকে প্রভূত অস্থিরতার মাঝে এ আমার এক দাঁড়ানোর জায়গা, যেখানে অনুভব করতে পারি নীরবতার সৌন্দর্য, প্রকৃতির প্রগাঢ় মর্মরধ্বনি।
তিনি বলেন, শুরুতে ফর্ম হিসাবে টানা গদ্য বেছে নিয়েছিলাম। কিন্তু লিখতে গিয়ে মনে হলো টানা গদ্যের প্রথাগত গতি ক্লিশে ঠেকছে। ফলে সেই গতির মধ্যে বাঁধ দিয়ে দিয়ে গ্রাম্য প্রকৃতির মন্থর ভাবাবেশের মধ্যে নিজেকে চালিত করলাম। দারুণ এক আনন্দের অভিযাত্রা সাঙ্গ হলো বইটা প্রকাশের মধ্য দিয়ে। আশা ছিল, গ্রাম্য জলাজঙ্গল, নরনারী ও নৈঃশব্দ্য, আত্মার জন্য আরামদায়ক উপাদানে ভরে তুলবো পাণ্ডুলিপি—কতটা কী হলো, সেটা জানার জন্য পাঠকের দিকে কান পাতলাম।
এটি তার চতুর্থ কবিতার বই। এর আগে প্রকাশিত হয় মেঘ ও ভবঘুরে খরগোশ (কা বুকস, ২০১৫), তামার তোরঙ্গ (জেব্রাক্রসিং প্রকাশন, ২০১৮), জড়োয়া (তবুও প্রয়াস, নদীয়া, ভারত, ২০১৯)
মোস্তফা হামেদীর জন্মস্থান চাঁদপুর। কলেজে শিক্ষকতা করেন তিনি।