নীলফামারীতে ফখরুল

ঢাকা সিটিতেও র‌্যাব পুলিশ দিয়ে ফল পক্ষে নেবে আ.লীগ

নির্বাচন কমিশনসহ সবকিছু সরকার নিয়ন্ত্রণ করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ র‌্যাব, পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে যেমন অতীতের নির্বাচনের ফল নিজের করেছে, তেমনি এবারের ঢাকার দুই সিটি নির্বাচনের ফলও নিজেদের করবে।’ গতকাল বৃহস্পতিবার নীলফামারী শিল্পকলা অডিটরিয়ামে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল আরও বলেন, ‘তাই বলে কি আমরা মুখবুজে বসে থাকব? না বসে থাকব না। আমাদের জনগণের অধিকার রক্ষার জন্য, ভোটের অধিকার রক্ষার জন্য, তাদের বেঁচে থাকার অধিকার রক্ষার জন্য রুখে দাঁড়াতে হবে।’

আওয়ামী লীগকে নির্বাচন করতে র‌্যাব-পুলিশ ও বিজিবির দরকার হয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা জনগণের পাশে থাকি, সেই জন্য জনগণ আমাদের চায় এবং আমরা বারবার ক্ষমতায় আসি। আমাদের নির্বাচন করতে র‌্যাব-পুলিশ বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর দরকার হয় না। আমাদের দরকার হয় জনগণের। আর জনগণ মাধ্যমেই আমরা জয়ী হয়ে সরকার গঠন করি।’

জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব জহুরুল আলমের সঞ্চালনায় সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপি মহাসচিবের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে আলমগীর সরকারকে সভাপতি ও জহুরুল আলমকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ১৫১ সদস্যের দ্বিবার্ষিক কমিটি ঘোষণা করা হয়।