ভোলার চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চরফ্যাশন বাজারের শরীফপাড়া ব্রিজ সংলগ্ন থানা রোডে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে প্রথমে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় চরফ্যাশন ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
কিন্তু তাতেও কাজ না হওয়ায় পরে লালমোহন, বোরহানউদ্দিনসহ আরও চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে প্রায় ২০-২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে মুদি, হার্ডওয়্যার ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ২০-২২টি দোকান পুড়ে গেছে।
বাজার ব্যবসায়ী সমিতির নেতারা প্রাথমিকভাবে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।