স্বাধীনতার ৪৯ বছরে দুই বাংলার ৪৯ গল্প নিয়ে ‘গল্পে এপার ওপার-২’

৪৯ বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হওয়ার। বিষয়টি মাথায় রেখে দুই বাংলার ছোটগল্প সংকলন ‘গল্পে এপার ওপার-২’ এ রাখা হয়েছে ৪৯ গল্প।

বাংলাদেশের ৫০ বছরে ৫০ গল্প দিয়ে সাজানো হবে পরবর্তী গল্প সংকলনটি। এমনটা জানিয়েছেন ‘গল্পে এপার ওপার’ এর সম্পাদক সাদেক সরওয়ার।

বাংলা গল্পের ভেতর দিয়ে বাংলাদেশের গৌরবময় ইতিহাস আরেকবার সবাইকে মনে করিয়ে দিতে এ উদ্যোগ বলে জানান তিনি।

সাদেক সরওয়ার বলেন, ‘ইতিমধ্যে দুই বাংলায় বেশ পরিচিত হয়ে উঠছে ‘গল্পে এপার ওপার’। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে অমর একুশে বইমেলায় এবং কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আসছে সংকলনটির দ্বিতীয় সংখ্যা ‘গল্পে এপার ওপার-২’।

জানা গেছে, দুই বাংলার উদীয়মান লেখকদের এক সুতায় গাঁথতে উদ্যোগ নেয়া হয়েছিল বইটি প্রকাশের। সাদেক সরওয়ারের হাত ধরে দেশের সীমা ছাড়িয়ে কলকাতা বইমেলায়ও বইটি কুড়িয়েছিল সমালোচকদের প্রশংসা। উৎসাহ জাগিয়েছিল অসংখ্য নবীন লেখকদের।

এ সম্পর্কে প্রধান সরওয়ার বলেন, ‘এবারও আমাদের সংকলনে এমন কিছু লেখক আছেন, যাদের লেখা প্রথমবার মতো বইয়ের মলাটে পাঠকের কাছে এসেছে। তাদের আবেগ, ভালো লাগার প্রথম অনুভূতি হতে পেরে আমরাও আনন্দিত।

‘গল্পে এপার ওপার-২’ সংকলনে সাদেক সরওয়ারের সঙ্গে যুগ্মভাবে সম্পাদনা করেছেন আসিফ চৌধুরী এবং জয়নন্দী!

আসিফ চৌধুরী তার সম্পাদকীয়তে বলেন, ‘এ কথা নিঃসন্দেহে বলতে পারি দ্বিতীয়বারের মতো গল্পে এপার ওপারের সঙ্গে যুক্ত থাকতে পেরে ভালো লেগেছে। অসাধারণ সব গল্প পেয়েছি এবার। কোনোটা হাসির, কোনোটা বা তীব্র বিষাদের, কোনোটা আবার সামাজিক প্রেক্ষাপটের বাস্তব রূপায়ণ। লেখা পড়তে পড়তে হারিয়ে গেছি আবেগের সমুদ্রে’।

‘গল্পে এপার ওপার-২’ বইটি সম্পর্কে সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন ভূমিকায় বলেছেন, ‘গল্পে এপার ওপারও সবারই গল্প। তবে প্রকাশভঙ্গীর ভাবনায় একদমই নির্দিষ্ট করে বললে, এটি কেবল আমাদেরই গল্প। যে গল্পের প্রকাশ, উপস্থাপন একান্তই আমাদের। মাঝখানে একটা কাঁটাতার থাকলেও আমাদের ভাষা, গল্প, ভাবনা, অনুভব আরো বেশি একাত্ম। সেই গল্পগুলো মাঝখানের ওই কাঁটাতারটুকু পেরিয়ে আলগোছে হয়ে যায় আমাদের পরস্পরের বুকের গহিন স্পর্শ। এই চেনা অথচ অজানা স্পর্শ’।

ভূমিকা লিখতে গিয়ে আরেকজন জনপ্রিয় লেখক বিনোদ ঘোষাল আলোকপাত করেছেন এভাবে, ‘প্রতিটি দেশে কাঁটাতার থাকে। রাজনৈতিক, ভৌগোলিক সীমানার কাঁটাতার। কাঁটাতার পার হতে গেলে সকলকেই নির্দিষ্ট বিধি নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। ভিসা, পাসপোর্ট, পারমিট আরও ইত্যাদি নানাবিধ নথি। জগতে দুটি বিষয়ের কোনো কাঁটাতার থাকে না। পাখি আর শিল্প। পাখির যেমন কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা নেই, শিল্প সংস্কৃতিরও তেমন কোনো সীমানা নেই। শুধু ভৌগোলিক নয়, তার সময়েরও কোনো সীমানা নেই। তাই একই শিল্প একই সাহিত্য যুগ যুগ ধরে সমস্ত বেড়াজালকে ছিন্ন করে পৃথিবীর সব শিল্পরসিককে আনন্দ দিয়ে চলেছে। ‘গল্পে এপার ওপার’ তেমনই একটি সংকলন’।

‘গল্পে এপার ওপার-২’ বইটিতে রয়েছে দুই বাংলা মিলিয়ে ৪৯ জন লেখকের লেখা ৪৯ ছোটগল্প।

এতে রয়েছেন এ সময়ের পরিচিত লেখক পিয়াস মজিদ, হাসিবুর রেজা কল্লোল, অর্ণব ভৌমিক, সাঈদ আজাদ, আলাউদ্দিন আল মামুন, সালাহ উদ্দীন মাহমুদ প্রমুখ। এ ছাড়া উদীয়মান গল্পকারদের মধ্যে রয়েছেন বাংলাদেশ থেকে ওয়ালিদ প্রত্যয়, নিশীতা মিতু, কাজী সাবরিনা তাবাসসুম, ডা. তানজিলা অমি, সুমাইয়া করিম, আরেফিন রহমান বৃষ্টি এবং কলকাতা থেকে শ্রীজিতা, দীপান্বিতা বিশ্বাস, আত্রেয়ী ভৌমিক, সুদেষ্ণা ব্যানার্জি, সব্যসাচী চ্যাটার্জি, সুস্মিতা মুখার্জি, অদিতি বসু, পায়েল মন্ডলসহ অনেকে।

সম্পাদকরা জানান, সব মিলিয়ে সংকলনটি পড়ে একই সঙ্গে বিভিন্ন অনুভূতির মাঝে একাত্ম হয়ে যেতে পারবেন পাঠক। অমর একুশে বইমেলা ২০২০ এবং কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে বইটি। এমন অসাধারণ গল্প সংকলনটির মূল্য রাখা হয়েছে মাত্র ৩৫০ টাকা।

গল্প সংকলনটির প্রচ্ছদ করেছেন পল্লবী নন্দন।

এ ছাড়া সাদেক সরওয়ার সম্পাদিত কবিতায় এপার ওপার-১, ২, ৩, ৪, ৫ এবং গল্পে এপার ওপার-১ পাওয়া যাবে বইমেলা চলাকালীন সময়ে ৩১ নম্বর অনিন্দ্য প্রকাশের প্যাভিলিয়নে।