পুরস্কারের ঔজ্জ্বল্যে সমাপ্ত ঢাকা চলচ্চিত্র উৎসব

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে রবিবার সন্ধ্যায়। সমাপনী অনুষ্ঠানে একাধিক বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার।

রাজধানীর জাতীয় জাদুঘরে মূল মিলনায়তনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সঞ্চালনা করেন উৎসব পরিচালক আহমেদ মোস্তফা জামাল।

এবার সেরা শিশুতোষ চলচ্চিত্র ইরানের চলচ্চিত্র ‘লোকনাথ’, স্পিরিচুয়াল বিভাগে শর্ট ফিকশনে সেরা ‘দ্য ফিস্ট অব দ্য গড’, শর্ট ফিল্মে সেরা ‘দ্যা স্ট্যাম্প’ এবং সেরা প্রামাণ্যচিত্র ‘বিলাভড’। সিনেমা অব দ্য ওয়ার্ল্ড সেকশনে সেরা দর্শক জনপ্রিয়তা পুরস্কার পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত ‘ফাইনালি ভালোবাসা’। আর বাংলাদেশ প্যানোরোমায় সেরা হয়েছে ‘ন’ ডরাই’।

ওমেন ফিল্ম মেকার শাখায় পুরস্কার পেয়েছে ‘মাই নেম ইজ পেটিয়া’, ‘ভিডিও টেপ’, ‘দ্য হুয়াল অ্যান্ড দ্য রাবেন টিনি সোলস’।

এশিয়ান প্রতিযোগিতায় সেরা চিত্রনাট্যকার হয়েছেন হোসেন কারাবে। সিনেমাটোগ্রাফিতে সেরা ভারতের রেডিয়াস চলচ্চিত্রের স্বপ্নিল সেতে ও অক্ষয় ইন্ডিকর। একই শাখায় সেরা অভিনেত্রী হয়েছেন ‘হাওয়া, মরিয়ম, আয়েশা’র জন্য আরিজো এরিয়াপো, ফেরেশতা আফসার ও হাসিবা ইব্রাহিমি।

সেরা অভিনেতা ফিলিপিনসের লুইস অ্যাবইউয়েল (অ্যাডওয়ার্ড), সেরা পরিচালক ইরানের মিরকারিমি রেজা (ক্যাস্টেল অব ড্রিমস), সেরা চলচ্চিত্র ‘ক্যাস্টেল অব ড্রিমস’ সিনেমা। এ ছাড়া বিশেষ জুড়ি মতে পুরস্কার পায় শ্রীলঙ্কার চলচ্চিত্র ‘চিলড্রেন অব দ্য সান’।

৯ দিনের এই উৎসবে দেখানো হয়েছে ৭৪টি দেশের ২২০টি সিনেমা।