বইমেলায় আসছে মঈন উদ্দিনের প্রথম ঊপন্যাস ‘রসুন চাষের ঘটনাবলী’। একইসঙ্গে প্রকাশ পাচ্ছে লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ কবি নিকানোর পাররার কবিতার অনুবাদ ‘চেয়ারে ভাতঘুমে ঢলে পড়া কবির চিঠি’।
‘রসুন চাষের ঘটনাবলী’ মঈন উদ্দিনের প্রথম উপন্যাস। প্রকাশ করছে বুকিশ পাবলিকেশন্স। এটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। পাঁচ ফর্মার ছোট এই উপন্যাসটি মেলার প্রথম থেকেই পাওয়া যাবে।
উপন্যাসটি প্রসঙ্গে মঈন উদ্দিন বলেন, ‘রসুন চাষের ঘটনাবলী’ উপন্যাস আমি একটানা লেখছি, পড়তে গেলেও এক বসায় পইড়া ফেলতে পারার কথা, ছোট উপন্যাস। লেখতে লেখতে একটা সময় ক্যারেকটারগুলা আমারে ডিস্টার্ব করা শুরু কইরা দিল। ডিস্টার্ব বলতে স্বপ্নে আইসা হাউকাউ করা স্টার্ট দিল। রাস্তায় হাঁটতে হাঁটতে সাডেনলি সামনের মানুষটারেই ফিকশনের লোক মনে হইতে থাকলো। তাই তাড়াতাড়ি লেখা ইস্তফা দিয়া বই কইরা ফেলার ডিশিসন নিই।’
মঈন উদ্দিনের অনুবাদে নিকানোর পাররার কবিতার বইটি বের করছে বায়ান্ন প্রকাশনী। এটিরও প্রচ্ছদ করেছেন প্রচ্ছদ করছেন রাজীব দত্ত।
বইটি প্রসঙ্গে অনুবাদক বলেন, ‘আলেন গীন্সবার্গসহ বীট জেনারেশনের বেশিরভাগ লেখক নিকানোর পাররার কবিতা দিয়া ইন্সপায়ার্ড আছিলেন। পাররা চিলি ছাড়াও পুরা ল্যাটিন অ্যামেরিকাতে একটা ইনফ্লুয়েন্স তৈরি করতে পারছিলেন। কবিতাগুলা পাররার পোয়েমস এন্ড এন্টিপোয়েমস, স্যালন ভার্সেস, রাশিয়ান সংস, দ্য স্ট্রেইটজ্যাকেট, আদার পোয়েমস, আর্টিফ্যাক্টস, জোকস টু মিসলিড দ্য পুলিশ, ইকোপোয়েমস ইত্যাদি বই থেইকা নেয়া হইছে।’
মঈন উদ্দিনের জন্ম ১৯৮৯ সালে, চট্টগ্রামে। এর আগে তার প্রকাশিত হয়, ইন্টারভিউ- দুপুরবেলায় ঢালী আল মামুনের বাসায়, মানস চৌধুরীর সঙ্গে চ্যাটিং । অনুবাদ-আর্ট অফ পোয়েট্রি (টি এস এলিয়ট), আর্ট অফ ফিকশন (হোর্হে লুইস বোর্হেস)।