এবারের অমর একুশে বইমেলায় আসছে জাহেদ মোতালেবের নতুন উপন্যাস ‘ধানশি’।
বইটি প্রকাশ করছে বাতিঘর। প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রী।
উপন্যাসটি প্রসঙ্গে জাহেদ মোতালেব ফেসবুক পোস্টে বলেন, ‘চারপাশে ছাই আর ছাই। একা এক নারী আর আছে একটি ধানবীজ। রক্তাক্ত হাতে বীজটা রোপণ করেছে। বীজকে সে গল্প বলে। বীজের সঙ্গে গড়ে ওঠে আশ্চর্য সখ্য। তারা বেঁচে থাকার স্বপ্ন বোনে। স্বপ্নের ভেতর জেগে ওঠে ছাইয়ের নিচের মাটি। ধানকে পৃথিবীতে আনার লড়াইয়ে মাটিও যুক্ত হয়। ছাইয়ের জগতে বেজে ওঠে এক রাগিণী-ধানশি।’
জাহেদ মোতালেবের জন্ম ও বেড়ে উঠা চট্টগ্রামে। যুক্ত আছেন সাংবাদিকতার সঙ্গে। একাধিক জাতীয় দৈনিকে নিয়মিত প্রকাশিত হয় তার গল্প।
এর আগে প্রকাশ হওয়া তার বইগুলো হচ্ছে-বিকেল অথবা বাঘের গল্প, খেলাবুড়া, লাল পা (গল্পগ্রন্থ), বক মানুষের দেশে, মুড়ি বুড়ি (শিশু সাহিত্য), রক্তরেখা, অন্যজন (উপন্যাস)।