বইমেলায় জান্নাতুন নুর দিশার প্রথম উপন্যাস ও নতুন কাব্যগ্রন্থ

এবারের অমর একুশে বইমেলায় উপন্যাস ও কবিতার বই নিয়ে আসছেন জান্নাতুন নুর দিশা।

তার প্রথম উপন্যাস ‘অনিকেত’ প্রকাশ করছে বাংলার প্রকাশন এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘অভিমান জংশন’ প্রকাশ করছেন সরলরেখা প্রকাশনা সংস্থা।  

উপন্যাসটি প্রসঙ্গে জান্নাতুন নুর দিশা ফেসবুক পোস্টে বলেন, ‘অনিকেত কখনো আরাকানের গল্প, কখনো অরুণাচলের, কখনো বা বাংলার। অনিকেত কিছু মানুষের দেশহীনতার গল্প। অনিকেত একটি সংকটাপন্ন ত্রিভুজ সম্পর্কের গল্পও। আপনি আপনার যে নিজস্ব গল্প চুপচাপ বুনে যান ভেতরে, অনিকেত হয়ত তেমনই একটা গল্প।’

তিনি আরও বলেন, ‘উপন্যাসটির পরিসর মূলত দুটো ভাগে বিভক্ত। একটা অংশে একজন উচ্চপদস্থ কর্মকর্তার দাম্পত্য জীবনের সংকট, একজন উপজাতি নারীর প্রেমে পড়ে যাওয়া, ভদ্রলোকের স্ত্রীর আদলে ভীষণ সাধারণ একজন নারীর দাম্পত্য টানাপোড়েনের মধ্যে মানসিক ভাঙন এবং কিংকর্তব্যবিমূঢ়া, নানা অস্থিরতা সব মিলিয়ে গল্প এগিয়েছে একটা পরিণতির দিকে।

অন্য অংশে আছে জাতিগত সংকটের বলী হওয়া কিছু মানুষের অনিকেত জীবনের সংগ্রামের গল্প। উঠে এসেছে আরাকান, ভারতের সেভেন সিস্টার অঙ্গরাজ্যগুলো, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, কর্ণফুলী নদী, সাঙ্গু নদীর অববাহিকায় জীবনপ্রবাহের নানা গল্প, দুই হতভাগ্য ভাসমান কিশোরের মানচিত্র থেকে ছিটকে পড়ে দেশহীন হয়ে টিকে থাকবার, বেড়ে ওঠবার গল্প।

অনিকেত মানে গৃহহীন, নিরাশ্রয়। ‘অনিকেত’ মূলত শুদ্ধ ভালোবাসার খোঁজে ফেরা কিছু অনিকেত হৃদয়ের গল্প, আবার কিছু মানচিত্রচ্যুত অনিকেত মানুষের দেশহীনতার গল্প!’

বইটি প্রচ্ছদ করেছেন আবুল ফাতাহ মুন্না।

কাব্যগ্রন্থটি সম্পর্কে এই লেখিকা বলেন, ‘অভিমান জংশন আমার চুয়াত্তরটি কবিতা নিয়ে একটি বই। আপনাদের ভালো লাগার সবকটা কবিতা এখানে আছে। এটুকু আমি বিশ্বাস নিয়ে বলতে পারি এই বইতে আমার সবচেয়ে ভালো কবিতাগুলো স্থান পেয়েছে। এই কাব্যগ্রন্থ নিয়ে আমার অনেক স্বপ্ন এবং এই বই নিয়ে আমি ভীষণ আত্মবিশ্বাসী।’

অভিমান জংশনের প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

জান্নাতুন নুর দিশার জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। এর আগে তার প্রকাশিত বই-নির্ভরযোগ্য গোপনীয়তা (কাব্যগ্রন্থ)