গাজীপুরের শ্রীপুরে ১৪ বছরের এক কিশোরীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে গোসিঙ্গা ইউনিয়নের চাউবন এলাকায় ঘটনাটি ঘটে।
এ ঘটনায় গত মঙ্গলবার রাতে আক্তার হোসেন (৩৫) নামে এক যুবককে আসামি করে মামলা করেন ভুক্ত ভোগীর বাবা। অভিযুক্ত আক্তার ওই এলাকার সুলতান উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার এসআই মো. আশরাফুল্লাহ দেশ রূপান্তরকে জানান, মঙ্গলবার দুপুরে লাউশাক দেওয়ার কথা বলে নিজের ঘরে ডেকে নেয় আক্তার। পরে তার মুখ ও হাত বেঁধে তাকে ধর্ষণ করে। ঘটনাটি গোপন রাখতে কিশোরীকে চাকু দেখিয়ে হত্যার হুমকি দেয় সে। পরে কিশোরিটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থল এসে হাজির হলে আক্তার পালিয়ে যায়। এরপর কিশোরিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী দেশ রূপান্তরকে জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আক্তারকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানি ছাড়াও আরও চার শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। কুড়িগ্রামের কচাকাটায় সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালীর পৃথক স্থানে দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। সাভারের আশুলিয়ায় ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একই মাদ্রাসার শিক্ষক ছলিম আহমদকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।