এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে কবি সাদী কাউকাবের প্রথম কবিতার বই ‘রন্ধ্রে রন্ধ্রে করি সঞ্চালন’। বইটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।
প্রথম বই প্রকাশ প্রসঙ্গে জানতে চাইলে দেশ রূপান্তরকে সাদী কাউকাব বলেন, ‘বইয়ের ভেতরে কী আছে তার ব্যাখ্যায় যদি লেখককে যেতে হয় তবে লেখকের ভাষ্যের জোরের খামতি আছে মনে করি। আমি মনে করি না আমার ব্যাখ্যার প্রয়োজন আছে। তবে এটুকু বলব আমি সমাজ বিনির্মাণের লোক নই। সোজা কথায় বিপ্লবী নই। একটা নির্ধারিত সম্ভারে আমি মালুম হয়েছি। তাই প্রতিনিয়ত ব্যক্তিগতভাবে আমাকে তার মোকাবিলা করতে হয়। এই মোকাবিলা লৈঙ্গিক, রাষ্ট্রিক এবং ধর্মীয়। আর চিরন্তন প্রেমের সঙ্গে দ্বিরাচারপূর্ণ সমাজের দ্বন্দ্ব তো আছেই।’
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-সহ গণমাধ্যমে সাদী কাউকাবের অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে। চট্টগ্রামে বসবাসকারী এই তরুণ কবির কবিতা ইতিমধ্যেই বোদ্ধামহলে প্রশংসিত হয়েছে।