হবিগঞ্জের নবীগঞ্জ শহরের ওসমানী রোডে বুধবার টেকাদীঘি চালকলে বয়লার বিস্ফোরণে নাছির মিয়া (৩৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন।
বিস্ফোরণে আহতদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আবদুল কাদিরকে (৩৯) হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক তৈরি হয়।
স্থানীয়রা জানান, সকালে নাসির মিয়াসহ পাঁচজন শ্রমিক বয়লারে ধান সিদ্ধ দেওয়ার কাজ শুরু করেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই নাছির মিয়া নিহত হন। নিহত নাছির উপজেলার কুর্শি ইউনিয়নের ভুমিরবাক গ্রামের আবদুর রশিদের ছেলে।
আহত অন্যরা হলেন বয়লার শ্রমিক আবদুল কাদির (৩৯), নিতাই দাশ (৪০), বয়লার ম্যানেজার মিলন দাশ (৪৬), সফিকুর রহমান (৩৫), শ্রীকান্ত দাশ (৪০) ও বয়লারের পার্শ্ববর্তী একটি বাড়ির বাসিন্দা রীনা দাশ (৪০)। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে।