ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

আমাদের সব আইনই বিএনপি নেতাদের কালো মনে হয়

বিএনপি নেতারা বুঝুক আর না বুঝুক, আওয়ামী লীগ সরকার যা-ই করে তা-ই তাদের কাছে কালো আইন মনে হয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। স্বশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ কোষাগারে নিতে সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া বিল নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার প্রতিক্রিয়ায় গতকাল শনিবার আখাউড়া রেলস্টেশন চত্বরে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

গত বুধবার স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্র্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোর উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রের কোষাগারে নিতে আইন করার প্রস্তাব বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যে পাস হয় সংসদে। অর্থমন্ত্রীর সঙ্গে বিরোধী সংসদ সদস্যদের তীব্র বাদানুবাদের মধ্যে বিলটি পাস হওয়ার পর ওয়াকআউটও করে বিএনপি। পরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনটিকে কালো আইন হিসেবে অভিহিত করেন।

গতকাল আখাউড়ায় এ সংক্রান্ত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘উনারা (বিএনপির নেতারা) আইন বুঝুক আর না বুঝুক, যেটাই আমরা করি সেটাই তাদের কাছে কালো আইন বলে মনে হয়।’ বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আগে আইনটি পড়ুন, বুঝুন তারপর মন্তব্য করুন।’

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।