করোনাভাইরাস আতঙ্ক

চীনফেরত শিক্ষার্থী রংপুর মেডিকেলে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চীন থেকে ফেরা এক শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তাজদীদ হোসেন তীব্র (২৫) নামে ওই শিক্ষার্থীকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। তবে এখনো পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। তীব্র নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের আলতাফ হোসেনের

ছেলে। স্বজনরা জানিয়েছেন, গত ২৯ জানুয়ারি রাতে চীন থেকে দেশে ফেরেন তিনি। এরপর গত ১ ফেব্রুয়ারি থেকে তিনি গ্রামের বাড়িতে ছিলেন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) আবদুল মোকাদ্দেম বলেন, ‘চীনফেরত ওই শিক্ষার্থীর শরীরে জ্বর নেই। তবে গলা ও বুকে ব্যথা রয়েছে। তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এজন্য আমরা ঢাকায় আইইডিসিআরকে জানিয়েছি। সেখান থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আসার

পর তার পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে।’

তীব্রর বাবা আলতাফ হোসেন বলেন, ‘২০১৮ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য চীনের আনহুই প্রদেশের আনহুই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সে। সম্প্রতি চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় গত ২৯ জানুয়ারি দেশে ফিরে আসে। ঢাকা বিমানবন্দরে সব পরীক্ষা-নিরীক্ষার পর গত ১ ফেব্রুয়ারি সে বাড়িতে ফেরে। গত বৃহস্পতিবার থেকে গলা ও বুকে ব্যথাসহ শ্বাসকষ্ট অনুভূত হচ্ছিল তার। যেহেতু সে চীন থেকে ফিরেছে সেজন্য তাকে শুক্রবার রাতে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের কোনো আলামত পাননি চিকিৎসক।’

তিনি আরও বলেন, ‘ছেলের মনের সন্দেহ দূর করতে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করি। বাড়ি ফেরার পর থেকেই সে মানসিক অস্বস্তিতে ভুগছিল। তার গায়ে জ্বর নেই। তবে গলা ও বুকে ব্যথা রয়েছে।’

এদিকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রায়হান বারী বলেন, ‘গতকাল রাতে তাজদীদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। ঠাণ্ডার কারণে তার শ্বাসকষ্ট অনুভূত হচ্ছিল।’