বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু লাশ হস্তান্তর আজ

কুষ্টিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় ফসল কাটতে গিয়ে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক সোলাইমান মোল্লা (৪৭) ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক জিয়াউর রহমান জানিয়েছেন, রবিবার সোলাইমানের লাশ হস্তান্তর হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বিজিবির ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, ‘এ বিষয়ে বিএসএফের সঙ্গে পত্র যোগাযোগ চলছে।’ 

নিহত কৃষক সোলাইমান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরারপাড়া গ্রামের শাহাদত মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিজিবি জানিয়েছে, গত মঙ্গলবার বিকেলে ছলিমের চর সীমান্ত এলাকায় ১৫৭/২(এস) সীমান্ত পিলারসংলগ্ন বাংলাদেশি ভূখণ্ডে কৃষক সোলাইমান, আরিফুল ও সাহাবুল সরিষা কাটছিলেন। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার মুরাদপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সোলাইমান পায়ে গুলিবিদ্ধ হন। অন্য দুই কৃষক দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচেন।

পালিয়ে আসা কৃষক আরিফুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় ক্ষেতের পাশের একটি ঝোপে লুকিয়ে থাকা সোলাইমানকে খুঁজে বের করে বিএসএফ ক্যাম্পে ধরে নিয়ে যায়। এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়। পরে চিকিৎসার জন্য তাকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করে বিএসএফ। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।