কক্সবাজারের উখিয়ায় নাফ নদীতে মাছ ধরতে গিয়ে গত সাত দিন ধরে ৩ জেলে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় শনিবার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে আনজুমান পাড়া তথা পালংখালী নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি স্থানীয় ৩ যুবক।
তারা হলেন- বটতলী এলাকার মৃত জালাল আহমদের ছেলে মোহাম্মদ হোসেন (২৯), একই গ্রামের শামসু দ্বোহার ছেলে মনজুর আলম (৩০) এবং মৃত আমিন হোসেনের ছেলে আনোয়ার হোসেন (১৮)। অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পাওয়ায় ৭দিন পর সপরিবারের পক্ষ থেকে থানায় ডায়েরি লিপিবদ্ধ করা হয়।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, নিখোঁজ পরিবারের লোকজন থানায় এসেছিল, তাদেরকে ডায়েরি করতে বলা হয়েছে। তবে পরে আমি একটি কাজে বেরিয়ে গিয়েছিলাম, হয়তো ডায়েরি লিপিবদ্ধ করেছে কিনা জানি না। যদি করে থাকে তাহলে তদন্ত করে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।
নিখোঁজ পরিবারের সদস্যরা জানান, তারা ঘটনার বিষয়টি ৩৪ বিজিবিকে অবহিত করেছে। কিন্তু এখনো কোনো সন্ধান দিতে পারেনি।