যুক্তরাষ্ট্রে গত চার মাসে ফ্লুতে আক্রান্ত হয়ে ২৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মৃতদের এই সংখ্যা প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।
যুক্তরাষ্ট্রে প্রতি বছর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ফ্লুতে আক্রান্তের সংখ্যা বাড়ে। শীতকাল এলে দেশটির হাসপাতালগুলোতে ফ্লুতে আক্রান্ত অনেক রোগী ভর্তি হয়। কিন্তু এ বছর চীনের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা চাপা পড়েছে বলে মনে করেন পর্যবেক্ষকরা।
আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের পরিচালক ও গবেষক লিয়েন বুফকা বলেন, ‘ফ্লুকে হুমকি হিসেবে দেখার মতো পর্যাপ্ত তথ্য আমাদের হাতে নেই। ফ্লু করোনাভাইরাস নয়। ফ্লুতে আক্রান্ত অনেক মানুষ সুস্থ হয়ে যায়। এটা তেমন কোনো ঘটনা নয়। কিন্তু তারপরও প্রতিবছর কয়েক হাজার মানুষ ফ্লুতে মারা যায়।’
সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, গত অক্টোবর থেকে ১ কোটি ২০ লাখ মানুষ ইনফ্লুয়েঞ্জার লক্ষণ, জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে গেছে। এদের মধ্যে ৩ লাখ ১০ হাজার মানুষ ভর্তি হয়েছে। ভর্তিদের মধ্যে ৬৮ শিশু মারা গেছে।
গত সপ্তাহে ফ্লুর কারণে যুক্তরাষ্ট্রের নক্সভিল ও নক্সকাউন্টির বেশ কয়েকটি স্কুল বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ওহাইয়োতেই ফ্লুতে আক্রান্ত ২১৮ জনের মৃত্যু হয়েছে। আর আরকানসাসের ৯টি জেলায় গত দুই সপ্তাহে ৩৩ জনের মৃত্যু হয়েছে।
২০১৮-১৯ ফ্লু মৌসুমে যুক্তরাষ্ট্রের ৪৫ দশমিক ৩ শতাংশ প্রাপ্তবয়স্ক ও ৬২ দশমিক ৬ শতাংশ শিশুকে ফ্লু প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। কিন্তু প্রতিনিয়তই ফ্লু তার আচরণ পরিবর্তন করায় অনেকের শরীরে টিকা কোনো কাজ করে না। ২০১৭-১৮ সালে ফ্লুর পরিবর্তিত আচরণের কারণে টিকা দেওয়া সত্ত্বেও ৯৫ হাজার মানুষের মৃত্যু হয়।