অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে প্রকাশিত হয়েছে মাহবুব ময়ূখ রিশাদের উপন্যাস ‘আরিমাতানো’।
বইটি বের করেছে চন্দ্রবিন্দু প্রকাশন। প্রচ্ছদ সিপাহী রেজা। মেলায় পাওয়া যাবে চন্দ্রবিন্দুর স্টল নং ৬০৭-এ।
উপন্যাসটি প্রসঙ্গে লেখক বলেন, ‘অনেকে জানে আমি একটা উপন্যাস লেখার চেষ্টা করছিলাম। তবে আরিমাতানো সেই উপন্যাসটি নয়। ওটাও লেখা শেষ হবে একদিন। হয়তো। প্রশ্ন আসবে আরিমাতানো অর্থ কী? আমি বলব, অর্থ জানার দরকার নেই।’
তিনি আরও বলেন, ‘বলে রাখা ভালো এটা মোটেও বায়োগ্রাফিকাল উপন্যাস নয়। ২০০৭-২০০৮ সালের ট্রান্সিশনের সময়কার একটা ক্যাম্পাসের রাজনৈতিক চিত্র। তবে রাজনৈতিক গল্পটা মোটেও মুখ্য নয়। এটা আরিমাতানোর নিজেকে খোঁজার একটা জার্নি। হ্যাঁ, আরিমাতানোর জন্ম হয়েছিল তার বাবা-মায়ের মৃত্যুর পর।’
মাহবুব ময়ূখ রিশাদের জন্ম ১৯৮৮ সালে। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক। কর্মসূত্রে থাকেন ঢাকায়। পূর্বে প্রকাশিত তার গল্পের বইগুলোর মধ্যে আছে-দিকশূন্যপুর, ক্রুশপথে নিখোঁজ গল্প, নির্জনতার জ্যামিতিক বিষণ্নতায়, তর্কশয্যায় মৃত্যু।