চার জেলায় হত্যা মামলা

দুজনের মৃত্যুদণ্ড ৪ জনের যাবজ্জীবন

ঝিনাইদহের শৈলকুপায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর এবং নোয়াখালীর সুবর্ণচরের চর মহিউদ্দিন মোহম্মদিয়া সমাজে শরীফ হত্যা মামলায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার একটি হত্যা মামলায় তিনজন ও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রীকে খুনের মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:

ঝিনাইদহ : শৈলকুপায় স্ত্রী শিলা খাতুনকে হত্যা মামলায় স্বামী দিদার লস্করকে (৪০) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিএমএ আলিম আল রাজী দণ্ডাদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর শৈলকুপার রাজনগর গ্রামে যৌতুক না পেয়ে স্ত্রী শিলা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে স্বামী দিদার লস্কর। দণ্ডিত দিদার শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামের মৃত মকলেছুর রহমানের ছেলে।

নোয়াখালী : সুবর্ণচরের চর মহিউদ্দিন মোহম্মদিয়া সমাজে শরীফ হত্যা মামলার একমাত্র আসামির মৃত্যুদ- দিয়েছে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালত।

আদালত সূত্র জানায়, গতকাল মঙ্গলবার এক জনাকীর্ণ আদালতে ২০১৭ সালের ২৮ মে দা দিয়ে কুপিয়ে সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার চর মহিউদ্দিন মোহম্মদিয়া সমাজের শরীফকে কুপিয়ে হত্যা করার ঘটনায় একমাত্র আসামি মিলন (৩০) মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ ছালেহ উদ্দিন আহমেদ। হত্যার ঘটনার পর চরজব্বর থানায় নিহতের ভাই আরিফ হোসেন বাদী হয়ে মামলা করলে তিনদিন পর পুলিশ মিলনকে গ্রেপ্তার করে।

কুষ্টিয়া : ইসলামী বিশ্ববিদ্যালয় থানার একটি হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদ- ও প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছে আদালত। গতকাল বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দ-প্রাপ্তরা হলেন ঝিনাইদহ জেলার কুলবাড়িয়া গ্রামের মহিউদ্দিন মিয়ার ছেলে (পলাতক) রবিউল ইসলাম, একই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে গোলাম সরোয়ার ওরফে সরু (৪৫) এবং কোটচাঁদপুরের ব্রিজঘাট বাদামবাজার এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে আনিসুজ্জামান ওরফে আনিছ (৫৭)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলায় তার প্যাঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। পরে তদন্তে জানা যায় দণ্ডিতরা জামালপুর জেলার বাসিন্দা নিহত বাদাম ব্যবসায়ী হবিল ব্যাপারীকে বাদাম আত্মসাতের লক্ষ্যে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে।

কিশোরগঞ্জ : পাকুন্দিয়ায় লেবাননফেরত স্ত্রীকে খুনের চাঞ্চল্যকর মামলায় স্বামী ছমিরউদ্দিনকে (৫৭) যাবজ্জীবন কারাদ- এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। গতকাল দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। দণ্ডিত ছমিরউদ্দিন পাকুন্দিয়া পৌর এলাকার সৈয়দগাঁও পশ্চিমপাড়ার মৃত ইজ্জত আলীর ছেলে। অন্যদিকে লেবাননফেরত নিহত গৃহবধূ মোছা. মর্জিনা আক্তার (৩৫) সংলগ্ন সৈয়দগাঁও গ্রামের নূরুল ইসলামের মেয়ে। তিনি তিন সন্তানের জননী এবং ছমিরউদ্দিনের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, লেবাননে অবস্থানের সময় টাকা পাঠানো নিয়ে স্বামী ছমিরের সঙ্গে দ্বন্দ্বের জেরে দেশে ফিরে তিনি স্বামীর বাড়িতে না গিয়ে সৈয়দগাঁও গ্রামে বাবার বাড়িতে গিয়ে ওঠেন। এতে ২০১৭ সালের ১৪ জুলাই সকালে ছমির শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী মর্জিনাকে ছুরিকাঘাত করে হত্যা করেন।