অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে বের হয়েছে শুভ্র সরকারের প্রথম কাব্যগ্রন্থ ‘বিষণ্ন স্নায়ুবন’।
বইটি বের করেছে পরম্পরা প্রকাশনী। প্রচ্ছদ কবি সারাজাত সৌম। মেলায় বইটি পাওয়া যাবে গ্রন্থিক প্রকাশনে (স্টল নং ২১১)।
নিজের কাব্যজগৎ সম্পর্কে শুভ্র সরকার দেশ রূপান্তরকে বলেন, ‘১৯৯৯ সাল থেকেই ছাইপাঁশ অনেক কবিতাই লিখেছি। কবিতাকে এখনো আমি সঠিকভাবে বুঝতে পেরেছি কী না জানি না। তবে লিখে যাচ্ছি। একটা নিয়ত ছিল এই রকম যে ৪০ বছর পরে গিয়ে বই বের করবো। এবং ব্যাপারটা তাই দাঁড়াল।’
তিনি আরও বলেন, ‘এই কবিতার বইয়ে আমি আসলে আমার যাপিত জীবনের চারপাশ তুলে এনেছি। অর্থাৎ আমি যা কোনো দিন মুখে বলতে পারব না তা কবিতায় বলার প্রয়াস দেখিয়েছি। বিষণ্ন স্নায়ুবন-কবিতার বইটিতে মোট এগারোটি কবিতা ঠাঁই পেয়েছে। যত দূর মনে পড়ে গত বছরের মে থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত এই কবিতাগুলো আমি লিখেছি। কবিতা লিখতে এসে পেয়েছি মানুষের অবজ্ঞা, তুমুল অভাব, নিজেকে তুচ্ছ করে দেখার মনমানসিকতা। যা কী না কিছুই করতে না পারার জনমবর্তিকায়- কেবল নিজেকেই পুড়েছি অনুতাপের সলতে জ্বালিয়ে।’
শুভ্র সরকারের জন্ম ময়মনসিংহ শহরে। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন শহরে তার বেড়ে ওঠা। ছোট কাগজ ‘মেরুদণ্ড’ সম্পাদনা করছেন তিনি।