রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মু. আলী আসগরকে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে মৌন মিছিল ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. শামসুজ্জোহা চত্বরে ‘দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে শিক্ষকরা এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় সভ্য মানুষের জায়গা। এখানে মতপার্থক্য-দ্বিমত থাকবেই। আমরা লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি যেন অধ্যাপক খাইরুল ইসলামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।
মানববন্ধনে অধ্যাপক সুলতান-উল-ইসলাম, অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ, অধ্যাপক ইলিয়াছ হোসেন, সহকারী অধ্যাপক সোলাইমান চৌধুরী, শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক কামরুজ্জামান চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, শামসুজ্জোহা চত্বর থেকে মৌন মিছিল বের হয়ে ক্যাম্পাসে প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।