বইমেলায় সাবেরা তাবাসসুমের অনুবাদে ‘গুলজারের কবিতা’

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে প্রকাশ পেয়েছে সাবেরা তাবাসসুমের অনুবাদে ‘গুলজারের কবিতা’।

ভারতের প্রখ্যাত কবি, গীতিকার ও চলচ্চিত্র ব্যক্তিত্ব গুলজারের হিন্দি কবিতার অনুবাদ বই এটি। ‘গুলজারের কবিতা’ সাবেরার প্রথম অনুবাদের কাজ।

বইটি বের করেছে জার্নিম্যান বুকস। প্রচ্ছদ ও গ্রন্থ-নকশা করেছেন তারিক সুজাত। মূল্য ৩০০ টাকা। মেলায় পাওয়া যাবে জার্নিম্যান বুকসের স্টলে (প্যাভিলিয়ন-১১)

‘গুলজারের কবিতা’ প্রসঙ্গে সাবেরা তাবাসসুম দেশ রূপান্তরকে বলেন, ‘এই কাজটি কোনো একাডেমিক গবেষণার কাজ নয়। ভালো লাগা থেকেই কাজটি করার চেষ্টা করা হয়েছে। গুলজারের গান, চলচ্চিত্র, কাহিনির সঙ্গে পরিচয় আমার তরুণ বয়স থেকে। তার জীবনীগ্রন্থ ‘বিকজ হি ইজ’ পড়ে কবিতার আস্বাদ পাই। তারপর উপহার পাওয়া গুলজারের হিন্দি কবিতার বই ‘রাত প্যশমীনে কী’ থেকে অনুপ্রেরণা পাই হিন্দি ভাষা শিখে কবিতাগুলো পাঠ করার।’

তিনি আরও বলেন, ‘পাঁচ বছর আগে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ভাষা শিক্ষার কাজটি শুরু করি এবং পাশাপাশি অনুবাদ করতে থাকি। অনুবাদের ক্ষেত্রে মূল কবিতার যথাসম্ভব অনুগামী থাকার চেষ্টা করেছি। অনুবাদের কাজ মূলত একটি প্রক্রিয়া। এর নানা বাঁকে নানা অভিজ্ঞতা যুক্ত হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে। গুলজার একজন বহুমাত্রিক সৃজনশীল ব্যক্তি। তাঁর কাজগুলোর প্রতি আমার আগ্রহ সমান জারি আছে।’  

সাবেরা তাবাসসুমের জন্ম ১৩ জানুয়ারি, ১৯৭৮। বাবার চাকরিসূত্রে ঘুরে বেড়িয়েছেন বাংলাদেশের নানান জায়গায়। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানে।

উন্নয়ন প্রতিষ্ঠানে কাজ করেছেন প্রায় ১০ বছর। এখন কবি ঔপন্যাসিক শাহনাজ নাসরীন ও কবি সাকিরা পারভীনের সঙ্গে মিলে কবিতার প্ল্যাটফর্ম নামে একটি সাহিত্য আড্ডার আয়োজনের সঙ্গে যুক্ত আছেন।

এর আগে প্রকাশিত তার কাব্যগ্রন্থগুলো হলো- ‘শিরোনামহীন ব্যাকুলতা’, ‘আমি যখন জানবো আমার মৃত্যু হয়েছে’, ‘রায়তি ভূমি’, ‘আরশি’, ‘জোহান্সবার্গে সোনা নিয়ে যেও না’, ‘এবং বুজুর্গ বৃক্ষের কাছে শেখা সহিষ্ণুতা’, ‘মা এখন বাক্সবন্দি’, ‘পিতামহী ও স্বাধীন রাষ্ট্র’, ‘নিরাকার তোমার আয়নায়’, ‘কোলাহলে নেই সেই পাখি’, ‘নুন সত্য চিনি সত্য’, ‘প্রেমের কবিতা’ এবং ‘সহোদরা’।