অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে রাসেল রায়হানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অমরাবতী’। বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু। বইমেলায় স্টল নম্বর ৬০৭। প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। বইয়ের দাম ৪০০ টাকা।
মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা উপন্যাস অমরাবতী কিছু মানুষের প্রেম, বিশ্বাস, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের রোমাঞ্চকর আখ্যান। মানুষের ক্ষুদ্রতা আর মহত্ত্ব কীভাবে নিয়ন্ত্রণ এবং পরিবর্তন করে মুক্তিযুদ্ধের মতো একটি ব্যাপক ঘটনা। এ উপন্যাসে সেটা দেখানো হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে। চট্টগ্রাম সিএমএইচের কয়েকজন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট কীভাবে বীরত্বের সাথে ভূমিকা রেখেছিল এবং তাদের পরিণতি শেষ পর্যন্ত কী হয়; পাকিস্তানের জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে কীভাবে এগিয়ে যাচ্ছিল পূর্ব পাকিস্তানের কয়েকজন তরুণ এবং কীভাবে সেসব তারা ঠেলে দিয়েছিল দেশের প্রতি ভালোবাসার কারণে; কীভাবে একজনের বিশ্বাস রক্ষার্থে এক যুবক বিসর্জন দিয়েছিল নিজের পরিবারকে- সেই আখ্যান এ উপন্যাস। ভীষণ স্বপ্নময় প্রতিটি চরিত্র কোনো এক অদৃশ্য সুতায় গাঁথা? কী সেই সুতা? সহজ ও টান টান এ উপন্যাস পাঠ করতে করতে প্রতিটি চরিত্রের সঙ্গে পাঠক মিশে যাবেন, মায়ায় বাঁধা পড়বেন। নিজের অজান্তে পৌঁছে যাবেন একাত্তরের দিনগুলোতে।
রাসেল রায়হানের প্রকাশিত অন্যান্য বইগুলো হলো সুখী ধনুর্বিদ, বিব্রত ময়ূর, তৃতীয় অশ্বারোহী, ইহুদির গজল, একচক্ষু হরিণীরা। তিনি প্রথম আলো প্রবর্তিত জীবনানন্দ ক্লিন্টন বি শেলী পুরস্কারে ভূষিত হয়েছেন।