থিয়েটার বিষয়ক পত্রিকা ‘ক্ষ্যাপা’র পঞ্চম সংখ্যা প্রকাশিত

পাভেল রহমান সম্পাদিত থিয়েটার বিষয়ক পত্রিকা ক্ষ্যাপা’র পঞ্চম সংখ্যা প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে।  

গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যান অংশের লিটলম্যাগ চত্বরে ক্ষ্যাপার স্টলে (১৫৬ নম্বর) সংখ্যাটি পাওয়া যাচ্ছে।  নতুন এই সংখ্যাটির নান্দনিক প্রচ্ছদ এঁকেছেন শিল্পী শাহনাজ জাহান। নামলিপি করেছেন শিল্পী শাহীনুর রহমান।

এ সংখ্যাটিতে রয়েছে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের একটি দীর্ঘ সাক্ষাৎকার। পাশাপাশি মামুনুর রশীদের ‘রাঢ়াঙ’ নাটক নিয়ে লিখেছেন থিয়েটারওয়ালা পত্রিকার সম্পাদক হাসান শাহরিয়ার।

এ ছাড়া থিয়েটার সম্পর্কিত তিনটি প্রবন্ধ লিখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান কামাল উদ্দিন কবীর, কবি-নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা ও অপু মেহেদী।

২০১৯ সালে মঞ্চে আসা তিনটি নতুন নাটক নিয়ে লিখেছেন অলোক বসু, আসাদুল ইসলাম ও হ‌ুমায়ূন আজম রেওয়াজ।

সম্পাদক পাভেল রহমান লিখেছেন বাংলাদেশের একক অভিনীত নাটক নিয়ে একটি তথ্য সমৃদ্ধ নিবন্ধ।  

এ ছাড়া ২০১৯ সালে বাংলাদেশের নাট্যাঙ্গনের সালতামামি তুলে ধরেছেন শাকিল মাহমুদ।

পত্রিকা করার পাশাপাশি ভবিষ্যতে ক্ষ্যাপা থেকে থিয়েটার বিষয়ক বই প্রকাশ করা হবে জানিয়ে সম্পাদক পাভেল রহমান বলেন, ‘বাংলা নাট্য ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশের নাট্যচর্চায় যুক্ত হয়ে কাজ করছে ক্ষ্যাপা। ইতিমধ্যে ক্ষ্যাপার পাঁচটি সংখ্যা প্রকাশ হয়েছে। এবারের অমর একুশে গ্রন্থমেলার লিটলম্যাগ চত্বরে ক্ষ্যাপার স্টল থেকে চতুর্থ ও পঞ্চম সংখ্যাটি সংগ্রহ করা যাবে। ভবিষ্যতে থিয়েটার বিষয়ক বই প্রকাশেরও উদ্যোগ নেবে ক্ষ্যাপা।’

পত্রিকাটির বিনিময় মূল্য ১০০ টাকা। এ বিষয়ে যে কোনো তথ্য জানা যাবে- ০১৭১৭-৩৮৬৬৪৬, ০১৭৩৬৪৪০৮৬০ নম্বরে ফোন করে।