সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু বাজারে সোমবার রাতে ভয়াবহ আগুনে ৬টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩৬ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মালামালের মধ্যে রয়েছে- রাসায়নিক সার, কীটনাশক, সরিষা, মোটরসাইকেল, সাইকেল, ওষুধের দোকান, খাবার হোটেল ও ৩টি মুদি দোকান।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত দোকান পল্লী চিকিৎসক আমীর খসরু জানান, এ দিন রাত ৯টার দিকে তারা বেচাকেনা শেষে দোকান ঘর বন্ধ করে বাড়ি চলে যান। রাত সাড়ে ৯টার দিকে পল্লী চিকিৎসক আমীর খসরুর ওষুধের দোকানের বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ হয়ে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়।
আগুন মুহূর্তের মধ্যে তা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তারা ছুটে এসে এলাকাবাসীর সহায়তায় প্রথম পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শাহজাদপুর ফায়ার সার্ভিসে খবর দিলে দেয়।
খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে আশপাশে প্রায় ১ কোটি টাকার মালামাল ও দোকানপাট রক্ষা পায়।
তারা আরও জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ও ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবু হানিফ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
এতে ওই বাজারের প্রায় ১ কোটি টাকার মালামাল ও দোকানপাট রক্ষা পেয়েছে। এতে প্রাথমিকভাবে ২০ লাখ টাকার ক্ষতি ধরা হয়েছে। এ ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন।